Apan Desh | আপন দেশ

পাঙাশের দখলে ইলিশের বাজার

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫০, ১৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:৫১, ১৫ নভেম্বর ২০২৪

পাঙাশের দখলে ইলিশের বাজার

চলতি মাসের প্রথম সপ্তাহেই ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠে গেছে। জেলেরা প্রচুর আগ্রহ নিয়ে ইলিশ শিকারে যাচ্ছেন পদ্মায়। কিন্তু ইলিশের দেখা নেই, তার বদলে জালে ধরা পড়ছে পাঙাশ। এতে অবশ্য ইলিশ না পওায়ার আক্ষেপ মিটেছে তাদের। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর বাজারে গিয়ে দেখা যায় ধরে ধরে সাজিয়ে রাখা হয়েছে পদ্মার পাঙাশ মাছ। 

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সুরেশ্বর মাছ বাজারে সরেজমিনে দেখা গেছে, আড়ৎদারদের মাছের ডালাতে কোনো ইলিশ মাছ নেই, পদ্মার পাঙাশ মাছে সয়লাব হয়ে গেছে। বেশ কয়েক দিন ধরে শরীয়তপুরে নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকার পদ্মা নদীতে প্রচুর পরিমাণ পাঙাশ মাছ ধরা পড়ছে জেলেদের জালে। পাঙাশ মাছ হাসি ফুটিয়েছে জেলেদের।

ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে গত ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত নদীতে মাছ শিকার বন্ধ ছিল। ৪ নভেম্বর ভোর রাত হতে জেলেরা নদীতে মাছ শিকার শুরু করেন। ওই দিন থেকেই জেলেদের জালে প্রচুর পরিমাণ পাঙাশ মাছ ধরা পড়তে থাকে। পদ্মা নদীর শরীয়তপুরের নড়িয়ার চরআত্রা, নওপাড়া, ঘরিসার, ভেদরগঞ্জের কাঁচিকাটা, তারাবুনিয়া ও চরভাগা এলাকায় পদ্মা নদীতে জেলেরা পাঙাশ শিকার করছেন।

পদ্মায় এতো পাঙাশ মাছ গত ৩০ বছরেও দেখেননি বলে জানিয়েছেন সুরেশ্বের বাজারের মাছের আড়ৎদার সাইফুল ইসলাম দেওয়ান।

তিনি জানান, ৫ থেকে ১২ কেজি ওজনের পাঙাশ ধরা পড়ছে জেলেদের জালে। সারারাত মাছ শিকার করে সকালে তা বিক্রি করছেন নড়িয়ার সুরেশ্বর মাছের পাইকারি বাজারে। এই বাজারে ৩২টি আড়ৎদার রয়েছে। দুই থেকে আড়াই হাজার জেলে এখানে মাছ বিক্রি করতে আসেন। প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা মাছ বিক্রি হয় এখানে। প্রতি কেজি পাঙাশ মাছ ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এখানে। তবে পাঙাশের আমদানির সাথে দাম উঠানাম করে। আমদানি বেশি হলে দাম ৫০০ থেকে ৬০০ টাকায় নেমে আসে।

মাছের আড়ৎদার নান্নু বেপারী বলেন, আগে সুরেশ্বর বাজারটি ইলিশ মাছের পাইকারি বাজার হিসেবে পরিচিত ছিল। এখানে ইলিশ মাছ ভরপুর ছিল। এখন ইলিশ মাছ নেই বললেই চলে। তবে ইলিশের চাহিদা পূরণ করেছে পদ্মার পাঙাশ মাছ।

এদিকে, পদ্মার পাঙাশ সুস্বাদু হওয়ায় শরীয়তপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও মাদারীপুর থেকে ক্রেতারা এখানে মাছ কিনতে আসেন।

ঢাকা থেকে সুরেশ্বর বাজারে পাঙাশ মাছ কিনতে এসেছেন নজরুল ইসলাম নামের এক ক্রেতা। তিনি বলেন, সুরেশ্বর বাজারে পদ্মার পাঙাশ পাওয়া যায়। তাই তিনি এখানে পাঙাশ মাছ কিনতে এসেছেন এবং ৮০০ টাকা কেজি দরে ১০ কেজি ওজনের পাঙাশ মাছ কিনতে পেরে তিনি খুশি।

ভেদরগঞ্জের কাঁচিকাটা ইউনিয়নের বোরোকাঠি এলাকার জেলে মোবারক হোসেন ২৫ বছর ধরে পদ্মা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন। তিনি কখনো সারা বছর জুড়ে মাছ শিকার করেও ৬০-৭০ হাজার টাকা সঞ্চয় করতে পারেননি। অথচ, গত কয়েক দিনে তিনি পাঙাশ মাছ বিক্রি করে ৪ লাখ টাকা সঞ্চয় করেছেন।

নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন মৃধা বলেন, গত ২২ দিন যাবত নদীতে মাছ ধরা বন্ধ ছিল। তাই ইলিশের পাশাপাশি পাঙাশ মাছ উন্মুক্ত প্রবহমান নদীতে বিচরণের সুযোগ পেয়েছে। এজন্য জেলেদের জালে প্রচুর পাঙাশ মাছ ধরা পড়ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement