ছবি: আপন দেশ
দেশের ১২ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। হঠাৎ ঝড়-বৃষ্টিতে জনজীবনে ভোগান্তির পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অপরদিকে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চলতি সেপ্টেম্বরে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া এ মাসে দেশে ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হতে পারে।
আরও পড়ুন : সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
সেই সঙ্গে এ মাসে দেশে ২ থেকে ৩টি মৃদু (৩৬-৩৭.৯° সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এ ছাড়া সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে এ মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের কিছু কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































