Apan Desh | আপন দেশ

ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদে আইডিআরএর পর্যবেক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪২, ২ নভেম্বর ২০২৬

ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদে আইডিআরএর পর্যবেক্ষক নিয়োগ

ছবি: আপন দেশ

অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও সুশাসন লঙ্ঘনের অভিযোগে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মনিরা বেগমকে এ দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইডিআরএর উপপরিচালক (নন-লাইফ) সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বীমা আইন, ২০১০-এর ৫১ (গ) ধারা অনুযায়ী মনিরা বেগমকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত থাকবেন এবং সভায় গৃহীত সিদ্ধান্তগুলো আইডিআরএকে অবহিত করবেন। তবে সভায় ভোট দেয়া কিংবা কোনো সিদ্ধান্ত বা মতামত প্রদানের সুযোগ থাকবে না তার।

আরও পড়ুন<<>>পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর

এ ছাড়া পর্ষদ সভার কার্যপত্রসহ পর্যবেক্ষককে নিয়মিত আমন্ত্রণ জানানোর জন্য কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা অথবা কোম্পানি সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।

কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ খোকন এবং তার পরিবারের সদস্যসহ পাঁচ পরিচালক পরপর তিনটি পর্ষদ সভায় অনুমোদন ছাড়াই অনুপস্থিত ছিলেন। কোম্পানি আইন অনুযায়ী, অনুমতি ছাড়া পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট পরিচালকের পদ শূন্য হয়ে যায়।

এ ছাড়া উদ্যোক্তা পরিচালকদের বাদ দিয়ে পরিবারের সদস্যদের পর্ষদে অন্তর্ভুক্ত করা এবং বিদেশে অবস্থান করে বেআইনিভাবে কোম্পানি পরিচালনার অভিযোগও রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।

এসব আর্থিক অনিয়ম ও সুশাসন লঙ্ঘনের প্রতিকার চেয়ে গত ৩০ জুন কোম্পানিটির পাঁচ উদ্যোক্তা পরিচালক আইডিআরএর কাছে অভিযোগ করেন। একই সঙ্গে তারা হাইকোর্টে আবেদন করেন।

আবেদনের শুনানি শেষে গত ০৯ জুলাই হাইকোর্ট ২৬ অক্টোবরের মধ্যে অভিযোগগুলো নিষ্পত্তি করে প্রতিবেদন জমা দিতে আইডিআরএকে নির্দেশ দেন। তবে আদালতের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার দুই দিন পর, গত ২৮ অক্টোবর কোম্পানিটির পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগের পদক্ষেপ নেয় নিয়ন্ত্রক সংস্থাটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়