ফাইল ছবি
নিজেদের ক্রিকেট দেখার অভিজ্ঞতা থেকে বলুন তো একটি নির্দিষ্ট বলে ব্যাটসম্যানদের সর্বোচ্চ কত রান নিতে দেখেছেন? উত্তর কোনোমতেই দুই অঙ্ক ছাড়াবে না বলে বিশ্বাস। কারণ আধুনিক ক্রিকেটে একটি নির্দিষ্ট বলে সর্বোচ্চ তিন কি চার রানের বেশি নিতে কোনো ব্যাটসম্যানকেই কেউ দেখেনি।
তবে ওভার থ্রো বা অন্যান্য অস্বাভাবিক কারণে পাঁচ-ছয় রান অবশ্য হয়, কিন্তু এমন ঘটনার সংখ্যা হাতে গুনেই বলে দেয়া যাবে। কিন্তু ক্রিকেটে যে এক বলে ২৮৬ রান নেয়ার ঘটনা ঘটেছে! কী, অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই ঘটনা। অস্বাভাবিক ও অভাবনীয় এক ঘটনা। অবিশ্বাস করলে করতে পারেন, কিন্তু এ ব্যাপারে সংবাদপত্রভিত্তিক প্রমাণ আছে ক্রিকেট দুনিয়ার সামনে।
এক বলে ২৮৬ রানের এই অদ্ভুত গল্পের সূত্র হিসেবে উল্লেখ করা হয় লন্ডনভিত্তিক ইংরেজি সংবাদপত্র পল মল গেজেট-এর নাম। ১৮৯৪ সালের ১৫ জানুয়ারি পত্রিকাটির ‘স্পোর্টিং নোটস অ্যান্ড নিউজ’ বিভাগে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের বানবুরিতে ভিক্টোরিয়া দল ও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে গড়া একটি একাদশের মধ্যে ম্যাচটি হয়েছিল।
ওই অনুযায়ী, প্রথমে ব্যাট করতে নামে ভিক্টোরিয়া। ইনিংসের প্রথম বলটি ব্যাটে লেগে মাঠের ভেতরে থাকা একটি বিশাল গাছের ডালে আটকে যায়।
এরপরই শুরু হয় অবিশ্বাস্য কাণ্ড। স্বাগতিক দল বল হারিয়ে গেছে দাবি করে আবেদন জানায়। কিন্তু আম্পায়াররা বলটি ঠিক কোথায় আটকে আছে, তা দেখতে পাচ্ছিলেন। ফলে বলটিকে ‘হারানো’ ঘোষণা করতে রাজি হননি তারা।
অগত্যা ভিক্টোরিয়ার ব্যাটাররা উইকেটের মধ্যে দৌড়াতে শুরু করেন। এদিকে গাছ থেকে বল নামানোর উপায় খুঁজতে থাকেন সংশ্লিষ্টরা। প্রথমে গাছ কাটার জন্য কুড়াল আনার চেষ্টা করা হয়। কিন্তু কুড়াল জোগাড় করা সম্ভব হয়নি। ততক্ষণে ব্যাটারদের দৌড় চলছেই।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
এরপর বলটি নামাতে একটি রাইফেল নিয়ে আসা হয়। বেশ কয়েকবার লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর অবশেষে গুলিতে বলটি ডাল থেকে নিচে পড়ে। আশ্চর্যের বিষয়, কিংবদন্তির গল্প অনুযায়ী, মাটিতে পড়ার আগে বলটি কেউ ধরতে পারেননি।
ততক্ষণে ব্যাটাররা দৌড়ে ২৮৬ রান তুলে ফেলেছেন! এক বল থেকে সর্বোচ্চ রান করার বিশ্বরেকর্ড গড়ার গল্পটি সেখানেই তৈরি হয়।
গল্পে আরও বলা হয়, এরপরই ইনিংস ঘোষণা করে ভিক্টোরিয়া। ফলে ক্রিকেট ইতিহাসের অন্যতম সংক্ষিপ্ত ইনিংসের সমাপ্তি ঘটে। আর কিংবদন্তি সত্যি হলে, ম্যাচটিও জিতে যায় ভিক্টোরিয়া।
সত্যি, নাকি নিছক রূপকথা?
গল্পটি যতই রোমাঞ্চকর হোক, বাস্তবে এমন ঘটনা ঘটেছিল তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশিত হলেও সেসব প্রতিবেদনের সূত্র ছিল সে পল মল গেজেট। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমও ঘটনাটি নিয়ে সংশয় প্রকাশ করেছিল। ওয়েস্টার্ন মেইল তো একে আখ্যা দিয়েছিল ‘বিশাল রূপকথা’ বলে।
হিসাব করলেও গল্পটির অস্বাভাবিকতা স্পষ্ট হয়। উইকেটের মধ্যে দৌড়ে ২৮৬ রান করতে হলে ব্যাটারদের প্রায় ছয় কিলোমিটার দৌড়াতে হতো। অথচ তখন বলটি একটি গাছ থেকে নামানো হচ্ছিল। বাস্তবতার বিচারে ঘটনাটি বিশ্বাস করা কঠিন। তবু ক্রিকেটের বিচিত্র ইতিহাসে এক বলে ২৮৬ রানের এ গল্প আজও টিকে আছে!
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































