ছবি: আপন দেশ
অপ্রতিমসহ সাম্প্রতিক তিন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ ও প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ। পৃথক স্ট্যাটাসে তারা এসব হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে নিজেদের মতামত ও উদ্বেগের কথা জানিয়েছেন।
কুমিল্লায় ১৩ বছরের শিশু অপ্রতিম হত্যা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশব্যাপী। লোমহর্ষক ঘটনাটি নাড়া দিয়েছে ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারীকেও।
পাশপাশি পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণের পর হত্যা, কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার মতো ঘটনাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পৃথক ফেসবুক পোস্টে এসব ঘটনার বিচার, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৃশংসতা প্রতিরোধে রাষ্ট্র ও সমাজের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় এ দুই ইসলামী আলোচক।
শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, পাবনার শিশু কামরুন্নাহার কলির ধর্ষণ ও হত্যা এবং কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই শিশু অপ্রতিমের হৃদয়বিদারক ঘটনায় সারা দেশ স্তম্ভিত।
আরও পড়ুন : অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কলি ও অপ্রতিমের বাবা-মাসহ স্বজনরা যেন সুবিচার পান, সেই প্রত্যাশা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির সংস্কৃতি গড়ে তোলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহবান জানান শায়খ আহমাদুল্লাহ।
পাশাপাশি মাদক, কিশোর গ্যাংসহ যেসব কারণে এ ধরনের নৃশংসতার পথ তৈরি হচ্ছে, সেগুলোর বিরুদ্ধেও সামাজিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন তিনি।
মাওলানা মিজানুর রহমান আজহারী তার পোস্টে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, এমন এক নির্মমতার মুখে দাঁড়িয়ে আছি, যেখানে শিশুদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই।
তিনি প্রশ্ন রাখেন, এমন বিষাক্ত সমাজে সন্তানদের নিরাপত্তা কে দেবে? মানবিকতা আর বিবেকবোধ কি দিনদিন হারিয়ে যাচ্ছে?
মাওলানা মিজানুর রহমান আজহারী আরও লিখেন, প্রতিটি শিশুর নিরাপদ শৈশব কোনো অনুগ্রহ নয়; এটি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের অঙ্গীকার হওয়া উচিত প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































