Apan Desh | আপন দেশ

জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি প্রতিমন্ত্রী নুরুল হকের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:০৬, ২০ আগস্ট ২০২৬

জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি প্রতিমন্ত্রী নুরুল হকের

নুরুল হক নুর, আপন দেশ

জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। এজন্য প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করতে হবে বলেও জানান তিনি।

নুরুল হক বলেন, আওয়ামী লীগ জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। অন্তর্বর্তী সরকার সে নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াত-শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান নুরুল হক। পরে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে উল্লেখ করে নুরুল হক বলেন, ১৯৭১ সালে এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট ও গণধর্ষণ হয়েছে। এসবের জন্য জামায়াত-শিবিরেরও নিষিদ্ধ হওয়া দরকার।

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেন নুরুল হক।

সম্প্রতি জাতিসংঘের উদ্বেগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ বলেছে, আল-কায়েদা বাংলাদেশকে লক্ষ্যবস্তু করতে পারে। জামায়াত-শিবিরের মাধ্যমে তারা এ ধরনের কর্মকাণ্ড চালাতে পারে। জামায়াত-শিবিরের কর্মীরা অস্ত্র পরিচালনাকারী ক্যাডার বলেও দাবি করেন তিনি। 

আরও পড়ুন<<>>সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত-শিবিরকে নিয়ন্ত্রণ করার দাবি জানিয়ে নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত-শিবির মজলুম থাকলেও গত ছয় মাসে তারা জালেম সংগঠনে পরিণত হয়েছে।  উগ্রবাদী এ গোষ্ঠীকে এখন থেকেই প্রতিরোধ ও প্রতিহত করতে হবে। তা না হলে ভাইরাসের মতো তারা ছড়িয়ে পড়বে। যা সমাজ ও দেশের জন্য ক্ষতি বয়ে আনবে।

জামায়াত-শিবির ও আওয়ামী লীগ একই ধরনের ফ্যাসিস্ট এমন মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগ সুযোগ পেয়ে ফ্যাসিস্ট হয়েছে। জামায়াত-শিবির সুযোগ না পেলেও যে ধরনের তাণ্ডব চালিয়েছে, তাতে তাদের অতীতের রগকাটা, ধর্ষণ ও দখলদারত্বের ইতিহাস সামনে এসেছে।

সরকারের ওপর চাপ তৈরি করে জামায়াত রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় এমন অভিযোগ করেন তিনি বলেন, জামায়াত ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখলে নিতে চায়। এসব প্রতিষ্ঠানে তাদের লোকজনকে শেয়ার দেয়ার চেষ্টা চলছে। প্রকৃতপক্ষে তারা ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা চায়। তাদের কোনোভাবেই সে সুযোগ দেয়া যাবে না। সুযোগ পেলে তারা জাতির জন্য ভয়ংকর বিপর্যয় ডেকে আনবে।

ওয়াজ ও জুমার খুতবায় আমীর হামজার বক্তব্যের সমালোচনা করে নুরুল হক বলেন, বক্তব্যে বিদ্বেষ, বিভাজন ও কুরুচিপূর্ণ বিষয় থাকলে জনগণকে তা প্রতিহত করতে হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আমীর হামজার পক্ষে বিবৃতি দেয়ায় দলটির সমালোচনা করেন নুরুল হক বলেন, আমীর হামজার বিকৃত মানসিকতাকে জামায়াত সমর্থন দিচ্ছে। আমির হামজা, সাতক্ষীরার এমপি নজরুল ইসলামসহ দলটির নেতা-কর্মীদের কর্মকাণ্ডে জামায়াতের নৈতিক অধঃপতন প্রমাণিত হয়েছে। এসব কর্মকাণ্ডের পরও জামায়াত নিজেদের ইসলামী দল দাবি করলে তা প্রহসন হবে। 

এসময় তিনি জামায়াতে ইসলামীর নাম থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দেয়ার আহবান জানিয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement