ছবি: সংগৃহীত
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিত দীপককে বাসা থেকে আটক করা হয়েছে। এদিকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও পুলিশ তুলে নিয়ে গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এ দুই নেতার ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচিতে যোগ দেয়ার কথা ছিল।
দীপকেকে আটকের আগে তার বাড়িতে একটি নোটিশ নিয়ে যান কনট প্লেসের স্টেশন হাউস অফিসার।
এতে বলা হয়, দীপকে কোনো বৈধ অনুমতি ছাড়াই প্রকাশ্য বিবৃতি ও সমাবেশের ঘোষণা দিয়েছিলেন।
এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সের ভেরিফায়েড অ্যাকাউন্ট ‘নেহা বোরা টিম’ সন্ধ্যা ৬টার পর একটি ভিডিও প্রকাশ করে। এতে নেহাকে আটকের চেষ্টা করতে দেখা যায় পুলিশকে। ক্যাপশনে লেখা ছিল, মান্ডি হাউস থেকে নির্বাচন কমিশনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ নেহাকে জোরপূর্বক আটকের চেষ্টা করে।
আরও পড়ুন <<>> সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা
নেহাকে আটকের একটি ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। ক্যাপশনে লেখা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবির বিক্ষোভ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নেহাকে আটক করেছে।
সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতারের প্রতিবাদে তিরঙ্গা মার্চ বা জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করেছিল সংগঠনটি।
জমায়েত ঠেকাতে সকালেই সমাবেশস্থল সেন্ট্রাল পার্ক বন্ধের ঘোষণা দেয় নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। এর আশপাশে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ২৫ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়।
দুপুরের পর দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি দল নোটিশ নিয়ে অভিজিত দীপকের বাসভবনে যায়।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, নোটিশে পুলিশ মূলত জননিরাপত্তা, যান চলাচল স্বাভাবিক রাখার কারণ দেখিয়ে কনট প্লেসের আশপাশে মিছিল, সমাবেশ করতে নিষেধ করেছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিলেই কেবল নির্ধারিত স্থানে বিক্ষোভ করতে দেয়া হবে।
দীপকেকে পুলিশ আরও জানায়, কনট প্লেসে বর্তমানে ১৬৩ ধারা জারি আছে। এ আদেশ লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নোটিশ পাওয়ার পরও দীপকে কর্মসূচিতে যোগ দেয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
বিকেল পাঁচটার পর এএফপি প্রকাশিত কয়েকটি ছবিতে, কনট প্লেসে বেশ কয়েকজনকে ভারতের জাতীয় পতাকা ওড়াতে দেখা গেছে। তারা সিজেপির সমর্থক বলে উল্লেখ করেছে বার্তা সংস্থাটি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































