ছবি: সংগৃহীত
ভারতে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১৬ অক্টোবর) ও শনিবার (১৭ অক্টোবর) এ পার্ক বন্ধ থাকবে।
শুক্রবার (১৬ অক্টোবর) এ পার্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিরঙ্গা মার্চ বা পতাকা হাতে পদযাত্রা কর্মসূচি পালনের কথা।
সমাবেশ ঠেকাতে দিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে। পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে বসানো হয়েছে নতুন সিসিটিভি ক্যামেরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করে পুলিশ।
এ গ্রেফতারের প্রতিবাদে তিরঙ্গা মার্চের ডাক দেয়া হয়েছে। এছাড়া, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে সংগঠনটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারেরও পদত্যাগের দাবি জানাচ্ছে।
যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি আয়োজনে নিষেধাজ্ঞা জারি করায় সেন্ট্রাল পার্ককে বেছে নিয়েছে সিজেপি। শুক্রবার সেখানে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা ও আম আদমি পার্টির নেতাদের উপস্থিত থাকার কথা।
আরও পড়ুন<<>> সৌদিতে সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু ফ্রান্সের
নতুন এ কর্মসূচিতে যোগ না দেয়ার জন্য জনসাধারণকে আহবান জানিয়েছে পুলিশ। অপরদিকে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রশাসনিক কারণে সেন্ট্রাল পার্ক শুক্র ও শনিবার বন্ধ থাকবে।
সিজেপির কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার পুলিশের উচ্চ পর্যায়ে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার।
এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আপাতত মেট্রো পরিষেবা বন্ধের বিষয়টি বিবেচনায় নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একেবারে শেষ পর্যায়ে মেট্রোর কথা ভাবা হবে।
একই সঙ্গে পুলিশ জানিয়েছে, তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে উপযুক্ত স্থানে পতাকা বহন ও জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগ দিতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































