Apan Desh | আপন দেশ

ভারতে বাংলাদেশের মতো সরকার পরিবর্তনের চেষ্টা হচ্ছে: রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৪, ১৬ অক্টোবর ২০২৬

ভারতে বাংলাদেশের মতো সরকার পরিবর্তনের চেষ্টা হচ্ছে: রাজনাথ সিং

রাজনাথ সিং। ছবি: সংগৃহীত

কংগ্রেস ও তাদের মিত্ররা বাংলাদেশের মতো ভারতেও সরকার পরিবর্তনের চেষ্টা করছে। এ কথা বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেছেন, বিরোধীরা তরুণদের রাজনৈতিক সংঘাত ও নৈরাজ্য ছড়ানোর কাজে ব্যবহার করছে।

শুক্রবার (১৬ অক্টোবর) উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে বিজেপির সদর দফতরে তিনি এ কথা বলেন।

রাজনাথ সিং বলেন, গণতন্ত্র কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার অধিকার দেয় না। কংগ্রেস ও তাদের রাজনৈতিক মিত্ররা তরুণদের শক্তিকে গঠনমূলক কাজ ও দেশ গঠনে কাজে লাগানোর পরিবর্তে রাজনৈতিক সংঘাত তৈরিতে ব্যবহার করছে। দেশের তরুণদের নৈরাজ্যের রাজনীতিতে ঘুঁটি বানানো হচ্ছে।

বাংলাদেশের প্রসঙ্গ টেনে রাজনাথ বলেন, কংগ্রেস ও তাদের মিত্ররা প্রকাশ্য সংবাদ সম্মেলনে সরকার পরিবর্তনের জন্য বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নেয়ার কথা বলছে। বিরোধীদের এ বক্তব্য থেকে বোঝা যায়, তাদের লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে দেয়া।

তিনি বলেন, সরকার পরিবর্তনের মতো শব্দের ব্যবহার থেকে বোঝা যায়, বিরোধীদের আন্দোলন নির্বাচনি সংস্কার কিংবা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নয়।

আরও পড়ুন <<>> সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে বিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের বিক্ষোভের মধ্যে রাজনাথের এ বক্তব্য এল।

এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা বলছেন, এ কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে এবং যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা আছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রসঙ্গ টেনে রাজনাথ বলেন, গণতন্ত্র রক্ষা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান এবং দেশের উন্নয়নের স্বার্থে আইন মেনে চলা জরুরি।

তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জনগণের রায়কে সম্মান জানানো এবং নিজের রাজনৈতিক ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করার পরামর্শ দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়