Apan Desh | আপন দেশ

অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৭, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:১২, ১ সেপ্টেম্বর ২০২৬

অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: দীনেশ ত্রিবেদী

ছবি : আপন দেশ

অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

তিনি বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই। দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবেই। তবে সেসব চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। পরে সাক্ষাৎ নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী জানান, অভ্যন্তরীণ রাজনীতিতে কী হচ্ছে, তা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না এবং করাও উচিত নয়। দেশের মানুষ ও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই জনগণের জন্য কোনটি ভালো, তা ভালোভাবে বুঝবে।

দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দিয়ে ভারতের হাইকমিশনার বলেন, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সবসময়ই গুরুত্বপূর্ণ। দুই দেশের নেয়া সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। তাই সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব দুই দেশেরই রয়েছে।

তিনি বলেন, আমরা বলি, সীমান্তের সঙ্গে আমরা স্বপ্নও শেয়ার করি। সেজন্য প্রতিবেশী হিসেবে দায়িত্ব বেড়ে যায়। আমরা সমান। কেউ বড় কিংবা ছোট নয়।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ যেমন বিবেচনায় নিতে হবে, তেমনি ভারতের চ্যালেঞ্জও বুঝতে হবে। এসব চ্যালেঞ্জ মাথায় রেখে দুই দেশকে সামনে এগিয়ে যেতে হবে।

ভারতের হাইকমিশনার বলেন, বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। কীভাবে দুই দেশ মুক্ত বাণিজ্যের দিকে এগিয়ে যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন: পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

তিনি আরও বলেন, আমরা অতীত ভুলতে পারি না। তবে অতীতে আটকে গেলে উন্নয়ন হবে না। কীভাবে দুই দেশের ফ্রি ট্রেড করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। চ্যালেঞ্জ থাকবে। কিন্তু এ বাধা অতিক্রম করেই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে চাই।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়