ছবি: আপন দেশ
আসন্ন স্থানীয় নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, নির্বাচন বর্জনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। একই সঙ্গে স্থানীয় ভোটে ১১ দলীয় ঐক্য থাকছে না; জোটের পরিবর্তে প্রতিটি দল নিজেদের প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতিরিক্ত সচিবকে না সরালে নির্বাচন নিরপেক্ষ হবে না। ইসির প্রতি জামায়াত এখনও আস্থাশীল। নির্বাচন বর্জনের সময় এখনও আসেনি। স্থানীয় শাখাগুলোকে আমরা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছি।
স্থানীয় নির্বাচনে জোটের বিষয়ে তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য জাতীয় নির্বাচনে ছিল। স্থানীয় নির্বাচনে এই ঐক্য নয়, দলগুলো আলাদা করে প্রার্থী দেবে।
আরও পড়ুন : বিএনপি জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল: রিজভী
মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা জানতে পেরেছি এমপিওভুক্ত শিক্ষকেরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। এটি সংবিধানবিরোধী। ইসি নিজেরাই এই সুপারিশ করেছে। এটি বাতিলের আবারও দাবি জানিয়েছি।
তিনি বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো নেতা যাতে স্থানীয় নির্বাচনে অংশ নিতে না পারে, সেই সুপারিশ করেছি। ইসির অতিরিক্ত সচিবকে সরানোর দাবি জানিয়েছি, কারণ তিনি বিএনপিতে পদধারী। ইসি বলেছে, সরকার তাকে নিয়োগ দিয়েছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































