ফাইল ছবি
আয়কর রিটার্ন দাখিল নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টালের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে।
রোববার (২৮ জুন) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
তবে পাঁচ শ্রেণির করদাতাকে এ বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। তারা হলেন— ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদপত্র দাখিল সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে মনোনীত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।
এ শ্রেণির করদাতারা চাইলে অবশ্য স্বেচ্ছায় অনলাইনেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন <<>> বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা
এনবিআর জানিয়েছে, আয়কর ব্যবস্থাকে আরও ডিজিটাল ও স্বচ্ছ করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। বাধ্যতামূলক অনলাইন রিটার্ন দাখিলের ক্ষেত্রে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা অন্য কোনও কারিগরি সমস্যার কারণে কেউ রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন।
অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ওই করদাতাকে কাগজে (পেপার) রিটার্ন দাখিলের সুযোগ দেয়া হবে।
এনবিআরের কর্মকর্তারা বলছেন, অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার ফলে করদাতাদের হয়রানি কমবে, রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে এবং কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। একইসঙ্গে করসেবা সম্পূর্ণ ডিজিটাল করার সরকারের উদ্যোগও আরও এক ধাপ এগিয়ে যাবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































