ছবি : আপন দেশ
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৭৮টি ফিরতি ফ্লাইটে মোট ৩২ হাজার ৮৩২ জন হাজি দেশে ফিরেছেন। শুক্রবার (০৫ জুন) রাত ৩টা পর্যন্ত এসব হাজি দেশে ফেরেন। এ ছাড়া হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি সৌদি আরবে মারা গেছেন।
শনিবার (০৬ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা ৩২ হাজার ৮৩২ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ৫০৪ জন রয়েছেন।
এসব হাজিকে দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮টি, সৌদি এয়ারলাইন্স ৩১টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।
সৌদি আরবে মারা যাওয়া বাংলাদেশি হাজিদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। এরমধ্যে মক্কায় ৩৫, মদিনায় ১২ ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।
হজ বুলেটিনে আরও বলা হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৩৬০ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৩ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন।
হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































