Apan Desh | আপন দেশ

পুলিশে শৃঙ্খলা রক্ষায় কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৫, ১১ মে ২০২৬

আপডেট: ১৯:০৬, ১১ মে ২০২৬

পুলিশে শৃঙ্খলা রক্ষায় কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আপন দেশ

পুলিশ বাহিনীর চেইন অব কমান্ড ও শৃঙ্খলা রক্ষায় কোনও ধরনের আপস করা হবে না বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি মানবাধিকার সমুন্নত রেখে পুলিশ সদস্যদের কৌশলে কাজ করার পরামর্শ দেন। 

তিন বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনও স্থান হবে না।

সোমবার (১১ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন আইজিপি মো. আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন। 

সাইবার পুলিশ গঠনের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে অপরাধের ধরন ও মাত্রা পরিবর্তিত হয়েছে। সাইবার ক্রাইম, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার মোকাবিলায় একটি বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’গঠন করা হবে। 

অপরাধ দমনে কৌশলী হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, অপরাধ দমনে কৌশলী হতে হবে, তবে কোনও অবস্থাতেই মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। এজন্য জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতি অনুসরণে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা আনতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াতে হবে বলেও জানান মন্ত্রী।  

আরও পড়ুন<<>>বাজারে নজরদারি বৃদ্ধির পদক্ষেপ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

পুলিশের সেবার মানোন্নয়নে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও অনলাইন জিডিসহ সব সেবা দ্রুততম সময়ে প্রদানের নির্দেশ দেন তিনি। পাশাপাশি পর্যটন খাতের ভাবমূর্তি উন্নয়নে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। 

সালাহ উদ্দিন আহমদ বলেন, ৩১ দফার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের পূর্বশর্ত হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এ মূলমন্ত্র ধারণ করে প্রতিটি থানাকে সেবাকেন্দ্রে পরিণত করতে হবে। আধুনিক পুলিশিং ডকট্রিন অনুযায়ী প্রিভেন্টিভ পুলিশিং বা অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে জোর দিতে হবে। 

তিনি জানান, পুলিশের পেশাদারত্ব বাড়াতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি নতুন পুলিশ প্রশিক্ষণ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি এলিট ফোর্সের জন্য এবং অন্যটি সাধারণ ফোর্সের জন্য। এলিট ফোর্সের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়ন করা হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ নেয়া হবে। জমি প্রাপ্তি সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ পুলিশ স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, সভায় অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশ নেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়