Apan Desh | আপন দেশ

এবার হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩২, ১৮ মে ২০২৬

এবার হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি

ফাইল ছবি, আপন দেশ

১৪৪৭ হিজরির পবিত্র হজে আরাফার ঐতিহাসিক খুতবা দেবেন পবিত্র মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।

সোমবার (১৮ মে) মক্কা ও মদিনার পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক পরিষদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
 
পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস জানিয়েছেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নির্দেশে ১৪৪৭ হিজরির পবিত্র আরাফার খুতবা ও নামাজের ইমামতির জন্য শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফিকে নিযুক্ত করেছেন। এ জন্য তিনি পরিষদের পক্ষ থেকে বাদশাহ ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, স্থানীয় সময় আগামী ৯ জিলহজ (মঙ্গলবার) ২৬ মে হাজিরা পবিত্র আরাফার ময়দানে অবস্থান করবেন। ওইদিন উপস্থিত হাজিদের উদ্দেশে মসজিদে নামিরায় হজের খুতবা প্রদান করবেন শায়খ আলী আল-হুজাইফি। প্রতি বছর এ খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হয়। 

৯ জিলহজ সারা দিনের যেকোনো সময় আরাফার ময়দানে সামান্য সময়ের জন্য হলেও অবস্থান করা হজের আবশ্যকীয় বিধানগুলোর একটি। রাসুল (সা.) ওই দিন ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আছরের নামাজ সংক্ষেপে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে দোয়া ও ইবাদতে মশগুল থাকেন।

আরও পড়ুন<<>>ঈদুল আজহার তারিখ ঘোষণা

শায়খ ড. আলী আল-হুজাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি রিয়াদের বিখ্যাত ইমাম মুহাম্মদ ইবনে সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৭৫ সালে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।

শায়খ আল-হুজাইফি ১৯৭৭ সালে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও হাদিস বিভাগের শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এ সময় তিনি বেশ সুনামের সঙ্গে অধ্যাপনা করেছেন।

১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮১ সালের রমজানে মসজিদুল হারামেও তারাবির নামাজে ইমামতি করেন এবং ১৯৮৭ সালে কিছুকাল কুবা মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন। সুললিত ও হৃদয়গ্রাহী কোরআন তিলাওয়াতের জন্য তিনি মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত।

বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও মসজিদে নববিতে ইমাম-খতিবের দায়িত্বের পাশাপাশি শায়খ আল-হুজাইফি আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত আছেন। মদিনায় অবস্থিত পবিত্র কোরআনের সর্ববৃহৎ মুদ্রণ প্রতিষ্ঠান কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সের উচ্চ কমিটির সদস্য এবং পবিত্র কোরআনের তিলাওয়াত রেকর্ডিংয়ের সুপারভিশন কমিটির সদস্য।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়