Apan Desh | আপন দেশ

হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২০, ৩১ মার্চ ২০২৬

হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষ হয়েছে। এতে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিম অংশে অভিযান চালানোর সময় নাহাল ব্রিগেডের রিকনাইসান্স ইউনিটের সদস্যরা হিজবুল্লাহর একটি সশস্ত্র দলের মুখোমুখি হন। এরপর খুব কাছাকাছি অবস্থান থেকে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়।

ইসরায়েলি বাহিনীর দাবি, এ সংঘর্ষে হিজবুল্লাহর কয়েকজন সদস্য হতাহত হয়েছেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন <<>> ইরানের গোলাবারুদের গুদামে ২,০০০ পাউন্ডের বোমা ফেলল যুক্তরাষ্ট্র

প্রতিবেদন অনুযায়ী, আহত সেনাদের সরিয়ে নেয়ার সময় হিজবুল্লাহ যোদ্ধারা একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যদিও এতে নতুন করে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পরে ইসরায়েলি বাহিনী ট্যাংক ও বিমান হামলার মাধ্যমে পাল্টা আক্রমণ চালায় এবং সংশ্লিষ্ট এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করে।

নিহত সেনাদের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন— ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাক্সিম এনটিস (২১)। চতুর্থ নিহত সেনার নাম এখনো প্রকাশ করা হয়নি। এ ঘটনায় একজন সেনা গুরুতর এবং আরেকজন রিজার্ভ সদস্য মাঝারি ধরনের আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement