প্রায় চার বছর পর পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। শিগগির তাকে ‘ব্লাইন্ড’ ছবিতে দেখা যাবে। এই ক্রাইম-থ্রিলারধর্মী ছবিটির মাধ্যমে ওটিটিতে তার অভিষেক হতে চলেছে। ছবিতে সোনমকে এক অন্ধ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে।
সোনম বলেন, এর থেকে ভালো প্রত্যাবর্তন আর হতে পারে না। আর এই ছবিতে আমার অভিনীত চরিত্রটি দুর্দান্ত। সব মিলিয়ে আমি রোমাঞ্চিত। এ নায়িকা বলেন, ক্যামেরার সামনে দাঁড়াতে আমি দারুণ ভালোবাসি। আর আমার কাজ আমার আবেগ। আমি আমার প্রতিটা প্রকল্প থেকে কিছু না কিছু শিখতে চাই। আমি আমার প্রতিটা ছবির মাধ্যমে নিজেকে আরও ভালো অভিনেত্রী করে তুলতে চাই। ছবি সফল বা অসফল হতেই পারে। জীবনের শেষ দিন অবধি অভিনয় করে যেতে চাই।
‘ব্লাইন্ড’ একটি কোরীয় ছবির হিন্দি রিমেক। ২০১১ সালে এই একই নামে ছবিটি মুক্তি পেয়েছিল। তবে হিন্দির আগে তামিল ভাষায় ছবিটির রিমেক হয়েছে। তামিল রিমেকে সোনমের চরিত্রে ছিলেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। ছবির শুটিং গ্লাসগো আর স্কটল্যান্ডে হয়েছে। এপ্রিলে সোনমের ‘ব্লাইন্ড’ ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছিল। তার নতুন লুক নিয়ে দারুণ সাড়া পেয়েছিলেন।
সোনমকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে। এই ছবিতে তার সঙ্গে ছিলেন দক্ষিণি নায়ক দুলকর সালমান। এরপর ওটিটি-তে ‘একে ভার্সেস একে’-তে বাবা অনিল কাপুরের সঙ্গে তাকে ক্যামিও হিসেবে দেখা গিয়েছিল। এরপর শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে, মা হওয়া—সবকিছু নিয়ে চরম ব্যস্ত ছিলেন সোনম।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































