ছবি : আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের আয়োজনে উৎসবমুখর পরিবেশে আন্তঃসেশন ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর সম্পন্ন হয়েছে। পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে ২০২০-২১ শিক্ষাবর্ষকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ আগস্ট) আইসিটি বিভাগের শিক্ষার্থী তারিফের পরিচালনায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষ। এসময় টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব আরিফুল ইসলাম এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন।
ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলাম, প্রভাষক মো. আবু সাইদ, আফিয়া মুবাশশারা এবং সাথি রহমান।
আরও পড়ুন<<>>ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি
২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনায়েদ মিয়া বলেন, খেলাধুলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা তৈরি করে। এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা উচিত।
সমাপনী বক্তব্য আহ্বয়ক আরিফুল ইসলাম বলেন, খেলাধুলা সবসময় একজন শিক্ষার্থীকে শৃঙ্খলাবদ্ধ ও সময়ানুবর্তী হতে সাহায্য করে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন উভয়ই ভালো থাকে, যার ফলে শিক্ষার্থীরা আরও ভালোভাবে নিজেদের গড়ে তুলতে পারে। মানসিক চাপ ও হতাশা কাটিয়ে উঠতেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম বলেন, আমরা চাই আমাদের বিভাগের শিক্ষার্থীরা শুধু পড়াশোনা ও গবেষণায় সেরাদের সেরা হবে না, পাশাপাশি খেলাধুলাতেও সর্বোচ্চ সাফল্য অর্জন করবে। এ লক্ষ্যেই নিয়মিত খেলাধুলার আয়োজন করা উচিত। এজন্য প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সাপোর্ট বিভাগ থেকে প্রদান করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































