ফাইল ছবি, আপন দেশ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিজয় দিবস হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন করা হয়েছে। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার(৩১ জুলাই) রাতের খাবারে রুপচাঁদা মাছের নামে অতিরিক্ত মূল্যে পিরানহা মাছ পরিবেশন করা হয়। খাবার খাওয়ার সময় মাছের দাঁত দেখে কয়েকজন শিক্ষার্থী সন্দেহ প্রকাশ করলে ডাইনিং কর্তৃপক্ষ প্রথমে সেটিকে রুপচাঁদা মাছ বলে দাবি করে। পরে শিক্ষার্থীদের প্রশ্নের মুখে ডাইনিং পরিচালক মনির ইসলাম মাছটি পিরানহা বলে স্বীকার করে।
বাংলা বিভাগের শিক্ষার্থী ও বিজয় দিবস হলের আবাসিক মাসুম পারভেজ বলেন, আমাদের হলের ডাইনিংয়ে নিয়মিত পিরানহা মাছ পরিবেশন করা হচ্ছে। বিষয়টি একাধিকবার ডাইনিং কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
আরও পড়ুন<<>>নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
অভিযোগের বিষয়ে ডাইনিং পরিচালক মনির ইসলাম বলেন, শিক্ষার্থীরা যদি এ ধরনের মাছ খেতে না চায়, তাহলে ভবিষ্যতে ডাইনিংয়ে আর এ ধরনের মাছ রান্না করা হবে না।
বিজয় দিবস হলের প্রভোস্ট রবিউল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। হল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের নিষিদ্ধ মাছ ডাইনিংয়ে পরিবেশনের কোনো সুযোগ নেই। অভিযোগের বিষয়টি জেনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া এর আগেও একই ডাইনিংয়ের খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ উঠেছিল। একবার পুইশাক খোসাসহ রান্না করে পরিবেশনের ঘটনাও সমালোচনার জন্ম দেয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































