ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবায় বিদ্যুতের খুঁটির পাশে মাটির নিচে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার কসবা-কুটি চৌমুহনী সড়কের বিশারাবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
এ সময় সেখান থেকে আগুন বের হতে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস কর্মীদের ধারনা পুঁতে রাখা পশুর চামড়া পচে গ্যাস সৃষ্টি হয়ে এ বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয়রা জানান, গত ঈদুল আজহায় ওই গ্রামে জবাইকৃত প্রায় শতাধিক পশুর চামড়া বিক্রি করতে না পেরে গ্রামবাসী ওইস্থলে সেই চামড়া পুঁতে ফেলেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ধারণা করা হচ্ছে ওই পুঁতে রাখা পশুর চামড়া পচে গ্যাস সৃষ্টি হয়ে বদবুদ আকারে উদ্গিরণ হতে থাকে। কোনো কারণে আগুনের সংস্পর্শে আসায় এই বিস্ফোরণ ঘটেছে।
একই ধারণা কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খানেরও।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা, কোরবানির পশুর চামড়া পচে গ্যাস সৃষ্টি হওয়ায় বিস্ফোরিত হয়েছে। তবে কসবা প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত। তাই এ বিষয়ে সালদা ও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি পশুর চামড়া পচে নাকি প্রাকৃতিক গ্যাসের কারণে হয়েছে তা যাচাই বাছাই করা হবে।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































