Apan Desh | আপন দেশ

ইয়াবা আত্মসাতের অভিযোগে ২জনকে পিটিয়ে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৯, ৪ নভেম্বর ২০২৬

ইয়াবা আত্মসাতের অভিযোগে ২জনকে পিটিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান আত্মসাতের অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তাদের পাহাড়ে গর্ত খুঁড়ে মাটিচাপা দেয়া হয়।

বুধবার (০৪ নভেম্বর) পুলিশ অভিযান চালিয়ে ২ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মৃত আবদু সালামের ছেলে মোক্তার আহমদ (৪৮) এবং কালু ফকিরের ছেলে মোহাম্মদ আকবর (৩০)। আহত দুজন হোয়াইক্যংয়ের তুলাতলী এলাকার মৃত আমির হোসেনের ছেলে আলী আহমদ (৪০) এবং আবুল হোসেনের ছেলে মো. ইলিয়াস (৩৫)।

বুধবার সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট অফিসসংলগ্ন ভিলিজার পাড়া থেকে দুজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে বড় লেচুপ্রাণ এলাকা থেকে অন্যজনের মরদেহ উদ্ধার করা হয়।

চারজনকে অপহরণ করে পাহাড়ে নিয়ে নির্যাতন করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে পিটিয়ে হত্যার পর পাহাড়ে গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, হোয়াইক্যং চেকপোস্ট দিয়ে ইয়াবার একটি চালান পার করে দেয়ার সময় সেখান থেকে ৩০ হাজার পিস ইয়াবা আত্মসাতের অভিযোগ ওঠে ভুক্তভোগীদের বিরুদ্ধে। এ নিয়ে ইয়াবার মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে গত সোমবার রাতে চারজনকে ধরে নিয়ে যায় তারা। তাদের হ্নীলা এলাকার গহিন পাহাড়ে আটকে রেখে নির্যাতন করা হয়। নির্যাতনের  একপর্যায়ে  দুজনের মৃত্যু হয়। তাদের মরদেহ পাহাড়ে গর্ত খুঁড়ে মাটিচাপা দেয়া হয়। 

আরও পড়ুন<<>>কালীগঞ্জে লাইসেন্স ছাড়াই চলছে একাধিক ক্লিনিক-হাসপাতাল

আহত ইলিয়াস জানায়, ১০ কেজি ইয়াবার একটি চালান আটজন মিলে হোয়াইক্যং চেকপোস্ট পার করে দেয়ার দায়িত্ব নিয়েছিলেন। এ সময় চালান থেকে ৩ কেজি ইয়াবা আত্মসাৎ হয়। এ ঘটনার জেরেই ইয়াবার মালিকপক্ষ তাদের চারজনকে ধরে নিয়ে যায়। পাহাড়ে আটকে রেখে তাদের মারধর করা হয়। নির্যাতনকারীদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল বলে দাবি করেন তিনি।

ইলিয়াস আরও জানালেন, তুলাতলী এলাকার মিজান বিচারের কথা বলে তাদের হ্নীলার একটি দলের হাতে তুলে দেন। পরে ওই দলের সদস্যরা তাদের পাহাড়ে নিয়ে নির্যাতন করেন। একপর্যায়ে মোক্তার আহমদ ও মোহাম্মদ আকবর মারা যান। পরে আহত দুজনের চোখ বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় করে পশ্চিম পানখালী এলাকার ভিলিজার পাড়ায় ফেলে রেখে যায় নির্যাতনকারীরা।

বুধবার সকালে স্থানীয় কৃষকরা তাদের পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। দুপুরে বড় লেচুপ্রাণ এলাকায় অভিযান চালিয়ে মাটিচাপা দেয়া অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি মো. সাইফুল ইসলাম বললেন, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।  ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়