ছবি: আপন দেশ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি মোটরসাইকেল ও চারটি মুঠোফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০) নামের একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পেয়েছে পুলিশ।
বুধবার (০৪ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ।
এর আগে মঙ্গলবার (০৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামের রাজুর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অপর দুজন হলেন মো. ফজলে মিয়া (৪৮) ও মো. রাসেল মিয়া (৩৫)। তাদের বাড়ি নাগেশ্বরী উপজেলার কাজিপাড়া ও বালাসিপাড়ায়।
পুলিশ জানায়, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদের নেতৃত্বে নাগেশ্বরী থানা-পুলিশ এ অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেল ও মুঠোফোন জব্দ করা হয়।
আরও পড়ুন<<>>পদ্মা নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম, লালমনিরহাটসহ সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত।
নাগেশ্বরী সার্কেলের এএসপি মো. গোলাম মোর্শেদ বলেন, পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলা নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর ও ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় রয়েছে। এ ছাড়া ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































