Apan Desh | আপন দেশ

বন্ধ ৬১৭ বিও হিসাব চালুর সিদ্ধান্ত বিএসইসির

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৪, ৪ নভেম্বর ২০২৬

বন্ধ ৬১৭ বিও হিসাব চালুর সিদ্ধান্ত বিএসইসির

ফাইল ছবি

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বিও হিসাব পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় লেনদেনের আওতায় আসার পাশাপাশি শেয়ারবাজারে তারল্য ও লেনদেনের পরিমাণ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে আর্থিক ও ব্যবসায়িক সংকটে রয়েছে মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো। নতুন উদ্যোগের ফলে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এতে শেয়ারবাজারেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা সংগঠনটির।

বুধবার (০৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। বিও হিসাব পুনরায় চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা। এ জন্য বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।

ডিবিএ জানায়, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ ও কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মোট ৬১৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছিল। এসব হিসাব দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা শেয়ার লেনদেনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন।

এ পরিস্থিতিতে গত ২০ জুলাই বিএসইসি চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করে ডিবিএ। আবেদনে আইনগত বা সংশ্লিষ্ট কোনো নিয়ন্ত্রক কিংবা সরকারি সংস্থার নিষেধাজ্ঞা না থাকলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও হিসাবগুলো পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।

ডিবিএর আবেদন গুরুত্বসহকারে বিবেচনা করে বন্ধ হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

সংগঠনটির বিশ্বাস, এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় কেনাবেচার সুযোগ তৈরি হবে। এতে শেয়ারবাজারে তারল্য প্রবাহ বাড়বে, লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারেও সিদ্ধান্তটি ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন <<>> সূচকের উত্থানে লেনদেন ৫২২ কোটি টাকা

ডিবিএ মনে করে, এ সিদ্ধান্তের সুফল বিশেষভাবে পাবেন মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিও হিসাবে শেয়ার লেনদেনের সুযোগ তৈরি হলে এসব প্রতিষ্ঠানের আর্থিক ও বাণিজ্যিক সংকট কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফেরার পথ সহজ হবে। এতে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতেও সহায়তা করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছে। এসব পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে বিএসইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ডিবিএ। এ ক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করবে সংগঠনটি। অতীতের মতো ভবিষ্যতেও শেয়ারবাজারের স্বার্থে প্রয়োজনীয় ভূমিকা রাখবে সংগঠনটি।

তবে বন্ধ হিসাবগুলো পুনরায় চালুর সিদ্ধান্তের বাস্তব সুফল কতটা পাওয়া যাবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট শেয়ারগুলোর লেনদেন, বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং বাজারের সামগ্রিক পরিস্থিতির ওপর।

আপন দেশ/কেএম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়