Apan Desh | আপন দেশ

গাছে ঝুলছে বিদ্যুতের ভাঙা খুঁটি, চলছে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সরবরাহ

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫১, ১২ আগস্ট ২০২৬

গাছে ঝুলছে বিদ্যুতের ভাঙা খুঁটি, চলছে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সরবরাহ

ছবি: আপন দেশ

বিদ্যুতের খুঁটি মাঝখানে ভেঙে গাছের সঙ্গে ঝুলে আছে, আর সেটিকে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে! যেকোনো মুহূর্তে খুঁটিটি উপড়ে পড়ে ঘটতে প্রাণহানি বা বড় ধরনের মারাত্মক দুর্ঘটনা। 

টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা থেকে মির্জা মাঠ পর্যন্ত রাস্তা নির্মাণকালে মাটি ফেলার ট্রাকের ধাক্কায় ভেঙে যায় খুঁটিটি। বিদ্যুতের ভাঙা খুঁটির সঙ্গেই আমিনুল ইসলামের বাড়ি। তিনি জানান, রাস্তা নির্মাণ কাজের সময় মাটি ভরাট করার কাজে ব্যবহৃত একটি ট্রাক বিদ্যুতের খুটিতে ধাক্কা দেয় এবং মাটি থেকে আনুমানিক আট ফুট উপরে খুঁটিটি ভেঙে গিয়ে পাশে মেহগনি গাছের উপর হেলে পড়ে। রাস্তা নির্মাণ করার ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে বিষয়টা জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। বিদ্যুৎ অফিস বরাবর আবেদন করার পর সেখান থেকে লোকজন এসে ভাঙা খুঁটির উপরের মাথা মেহগনি গাছের সঙ্গে বেঁধে রেখে যায়। নতুন খুঁটি লাগিয়ে দেয়া হবে বলে জানিয়ে যায়। কিন্তু দুই মাস পার হলেও বারবার যোগাযোগ করার পরও বিদ্যুৎ অফিসে থেকে আর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।  

আরও পড়ুন<<>>বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

ঝুঁকিপূর্ণ এ অবস্থার কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দা ও পথচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে বহু যানবাহন এবং কোমলমতি ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ যাতায়াত করে। হালকা বাতাসে বা গাছের ডালপালা নড়লে বাঁধন ছিঁড়ে বিদ্যুৎবাহী তারসহ খুঁটিটি নিচে পড়ে যেতে পারে। এটি একপ্রকার মৃত্যুর ফাঁদ তৈরি করে রাখা হয়েছে। এ বিষয়ে দ্রুত টেকসই ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে বড় ধরনের অগ্নিকাণ্ড কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

এবিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর টাঙ্গাইলস্থ বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর সহকারী প্রকৌশলী মো. আহসান ইবনে আজিজ জানান, ভাঙ্গা খুঁটিটির ব্যাপারে কয়েকজন এসে অভিযোগ করেছেন। টাঙ্গাইল পৌরসভা থেকে গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনিসুর রহমানের স্বাক্ষরিত একটি চিঠিতে রাস্তা প্রশস্তকরণের ফলে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করা প্রয়োজন মর্মে গত ফেব্রুয়ারির  ০৫ তারিখে বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত বেড়াডোমা খালপার রোডে বিদ্যুৎ বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে অভিযোগ পেলাম রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। তবে এবিষয়ে পৌরসভা অথবা ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো প্রকার যোগাযোগ করেনি। অথচ বিদ্যুৎ আইনের ৩৯ ধারা অনুসারে বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন, খুঁটি ভেঙে ফেললে অভিযুক্ত ব্যক্তির সাত থেকে দশ বছরের জেল অথবা দশ কোটি টাকা অর্থদণ্ড হতে পারে। তিনি আরও জানান, পৌরসভা অথবা ঠিকাদারি প্রতিষ্ঠান যোগাযোগ করে সহযোগিতা করলে দ্রুত সময়ে খুটি পরিবর্তন করা যাবে। 

বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।

টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাজাহান আলী বলেন,  বিষয়টি খোজ খবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

এবিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর টাঙ্গাইলস্থ বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, যখন খুঁটি ভাঙার বিষয়ে জানিয়েছিল তখন আমরা বলে দিয়েছিলাম দুই মাস পর কাজ করা যাবে, এখন বর্তমানে ছবিসহ আবেদন দিলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়