ছবি : আপন দেশ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার (০৩ আগস্ট) সকাল ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই এলাকার শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা তিনজন অগ্নিদগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
আরও পড়ুন<<>>গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার বলেন, বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তার ভেতরে থাকা বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। এতে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। আগুন নেভাতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি বলেন, বোমা বা বিস্ফোরকটি সেখানে কীভাবে এল, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ করে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ব্যবহৃত বিস্ফোরকের ধরন নির্ধারণে তদন্ত শুরু করে পুলিশ।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কি ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্ফোরকের উৎস, ঘটনার নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানা পুলিশ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































