Apan Desh | আপন দেশ

অবশেষে জয়ের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৩, ৪ নভেম্বর ২০২৬

অবশেষে জয়ের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

ছবি : সংগৃহীত

‘জয়’ শব্দটাই যেন ভুলে যেতে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। সর্বশেষ কবে জয় পেয়েছিল তারা, সে স্মৃতিও হয়তো ভুলে গিয়ছিল তারা। একে একে ৯টি ম্যাচ জয়হীন। কোচ মাইকেল ক্যারিকের ওপর ঝুলছে ‘বরখাস্ত’ হওয়ার খড়গ। 

এমন পরিস্থিতিতে একটি জয় যেন মরুর বুকে এক পশলা বৃষ্টির মতো। তৃষ্ণার্ত বালু, গাছপালা যেমন সেই পানি পেয়ে সতেজ হয়ে ওঠে, তেমনি একটি জয় ম্যানইউকে দারুণ সতেজ করে তুললো।

টানা ৯ ম্যাচে জয় না পেতে না পেতে অবশেষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এসে মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে এএস রোমার বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় এক জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। 

অথচ, এ ম্যাচেও ২-০ গোলে পিছিয়ে যেতে হয়েছিল ম্যানইউকে। সেখান থেকে ম্যাচের শেষ দিকে ম্যাতিউস কুনহার জোড়া গোলে অবিশ্বাস্য জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। 

এ জয় শুধু চলতি মৌসুমে দলের নতুন প্রাণ ফেরায়নি, কোচ ক্যারিকের ওপর থেকে চাপও কিছুটা কমিয়েছে।

টানা ৯ ম্যাচ জয়হীন থাকার পর ক্যারিকের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। চ্যাম্পিয়নস লিগেও ইউনাইটেডের হতাশাজনক শুরু সেই চাপ আরও বাড়িয়ে দিয়েছিল। রোমার বিপক্ষে ম্যাচে হেরে গেলে টানা চতুর্থ পরাজয়ের মুখে পড়তে হতো দলটিকে। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যাওয়া পারফরম্যান্সে সেই শঙ্কা কাটিয়েছে তারা।

ম্যাচ শুরুর আগেই ওল্ড ট্রাফোর্ডে প্রতিবাদে নেমেছিলেন ইউনাইটেড সমর্থকরা। ক্লাবের মালিক গ্লেজার পরিবারের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে স্ট্রেটফোর্ড এন্ডে ছুড়ে দেওয়া হয় সবুজ ও সোনালি বেলুন। ম্যাচের ২১ মিনিটে মাঠে ছোড়া হয় টেনিস বলও। ২০০৫ সালে গ্লেজার পরিবারের ঋণনির্ভর মালিকানা গ্রহণের প্রতিবাদে ছিল এই আয়োজন।

আরও পড়ুন <> আতলেতিকোর মাঠে বায়ার্নের জয়

তবে মাঠের খেলায় শুরু থেকেই হতাশ করেছে ইউনাইটেড। ম্যাচের ১১ মিনিটের মধ্যেই গোল হজম করে তারা। বাঁ-প্রান্ত দিয়ে আক্রমণে উঠে গিয়েছিলেন দিয়োগো দালোত। তার ফেলে আসা জায়গা দিয়ে আক্রমণ গড়ে রোমা। রদ্রিগো মোরা ডি-বক্সের দিকে তির্যক পাস বাড়ান। লিসান্দ্রো মার্তিনেজের জায়গায় খেলতে নামা আয়ডেন হেভেন বল আটকাতে পারেননি। সুযোগ পেয়ে মাতিয়াস সুলে জোরালো শটে বল জালে পাঠান।

এরপর আরও একটি ভুলে ব্যবধান বাড়িয়ে নেয় ইতালিয়ান ক্লাবটি। দালোতের অবস্থানগত ভুলে আবারও বিপদে পড়ে ইউনাইটেড। ডনি মালেনের নেওয়া জোরালো শট আয়ডেন হেভেনের হাতে লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি হেসুস গিল মানজানো। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি অ্যাস্টন ভিলার সাবেক ফরোয়ার্ড মালেন। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রোমা।

বিরতির আগে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল রোমা। সেন লামেন্সের পরীক্ষাও নেন মালেন। যোগ করা সময়ে সুলের শট অল্পের জন্য বাইরে যায়। এর আগে ইউনাইটেডের হয়ে লক্ষ্যে প্রথম শটটি নিয়েছিলেন কোবি মাইনু। তবে প্রথমার্ধ শেষে সমর্থকদের দুয়ো শুনেই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ইউনাইটেডের জন্য দুঃসংবাদ আসে। কার্লোস বালেবা ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের পেছনের অংশে চোট পেয়ে মাঠ ছাড়ার পরিস্থিতিতে পড়েন। তবে কিছুক্ষণ পর পেনাল্টি থেকে ম্যাচে ফেরার সুযোগ পায় ইউনাইটেড।

কুনিয়াকে ফাউল করা হয়েছে বলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সমর্থকদের উজ্জীবিত করতে বল গ্যালারির দিকে ছুড়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে প্রথমবার ব্রুনো ফার্নান্দেসের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন রোমার তৃতীয় পছন্দের গোলরক্ষক দেভিস ভাসকেস। কিন্তু পেনাল্টি নেওয়ার সময় রোমার ব্রায়ান ক্রিস্তান্তে বক্সে ঢুকে পড়েছিলেন। ফলে আবার পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি। ৫৮তম মিনিটে দ্বিতীয়বার আর ভুল করেননি ইউনাইটেড অধিনায়ক। জোরালো শটে ব্যবধান কমান ফার্নান্দেস।

এরপর সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ইউনাইটেড। কুনিয়ার পাস ধরে ব্রায়ান এমবেউমো শট নেন। কিন্তু তার শট দুই পোস্টে লেগে ফিরে আসে। নতুন উদ্যমে আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। কর্নার থেকে হ্যারি ম্যাগুইরের হেড আটকে দেন রোমার রক্ষণভাগের খেলোয়াড়েরা। আরেকটি কর্নার থেকে পাওয়া সুযোগে দালোতের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন প্রতিপক্ষের এক খেলোয়াড়।

ম্যাচের শেষ দিকে ইউনাইটেডের আক্রমণের চাপ বাড়তে থাকে। লিসান্দ্রো মার্তিনেজ মাঠে নামলে গ্যালারির একাংশ থেকে দুয়ো শোনা যায়। একই সময়ে মাঠে নামেন সমর্থকদের প্রিয় তরুণ খেলোয়াড় শিয়া লেসি। তিনি একটি পেনাল্টি পাওয়ার দাবিও জানিয়েছিলেন।

শেষ পর্যন্ত ৮৩তম মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের ভাসানো ক্রসে বলের বাউন্স বুঝতে ভুল করেন লিওনার্দো বালের্দি। সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে বল জালে পাঠান কুনিয়া। তাতে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা।

সমতায় ফেরার পর গ্যালারি ও মাঠজুড়ে ছড়িয়ে পড়ে নতুন আত্মবিশ্বাস। তিন মিনিট পরই আসে জয়সূচক গোল। ৮৬তম মিনিটে শিয়া লেসির বাড়ানো পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন কুনিয়া। এরপর কাছের পোস্টের ভেতরের দিক ঘেঁষে জোরালো শটে বল জালে পাঠান তিনি। উল্লাসে ফেটে পড়ে ওল্ড ট্রাফোর্ড।

গোল উদ্‌যাপনের সময় জার্সি খুলে সমর্থকদের সঙ্গে আনন্দে মেতে ওঠায় হলুদ কার্ড দেখেন কুনিয়া। পরে ৯০+১ মিনিটে দেরিতে করা একটি ট্যাকলের জন্য দ্বিতীয় হলুদ কার্ড অর্থ্যাৎ লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন তিনি। তবে ততক্ষণে ম্যাচের ফল নির্ধারিত হয়ে গেছে। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড।

চলতি মৌসুমে এটি ইউনাইটেডের মাত্র তৃতীয় জয়। দীর্ঘ জয়হীনতার পর এমন প্রত্যাবর্তন দলের আত্মবিশ্বাস ফেরানোর পাশাপাশি কোচ ক্যারিকের জন্যও স্বস্তি হয়ে এসেছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch