ছবি: আপন দেশ
নোয়াখালীর বেগমগঞ্জে স্মার্টফোনে অনলাইন জুয়া খেলার অপরাধে নজরুল ইসলাম নামে এক যুবকের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম ওই এলাকার মমিন উল্যার ছেলে। আরও পড়ুন<<>> ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
অভিযান সূত্রে জানা যায়, সাম্প্রতিক হাজীপুর এলাকায় মাদক ও অনলাইন জুয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্মার্টফোনে জুয়া খেলার সময় নজরুলকে হাতেনাতে আটক করা হয়। পরে তিনি অপরাধ স্বীকার করলে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৪ ধারায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন,আটক যুবককে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জুয়া খেলা ও মাদক রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর একটি দল অংশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































