Apan Desh | আপন দেশ

ফের পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ৫ আসামি ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৪, ৬ মে ২০২৬

ফের পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ৫ আসামি ছিনতাই

ছবি : আপন দেশ

নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসীরা। অভিযোগ উঠেছে হামলা চালিয়ে আটক পাঁচজনকে ছিনিয়ে নিয়েছে তারা। বুধবার (০৬ মে) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, হাশেমবাগ এলাকায় সাবেক পুলিশ সদস্য সোলায়মানের বাড়ি দখলের জন্য এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন, জনির গ্রুপ চেষ্টা করছিল। তারা বাড়িটি বিক্রি করে চলে যাওয়ার জন্য বিভিন্ন সময়ে সোলায়মানকে হুমকি দেয়। ৫ আগস্টের আগে তারা ছিল আওয়ামী লীগ। ৫ আগস্টের পরে তারা বিএনপিতে যোগ দেয়। বাড়ির মালিক সোলায়মান বাড়িতে থাকেন না। তিনি বাড়িটি ভাড়া দিয়ে রেখেছেন। বুধবার বিকাল ৪টায় সন্ত্রাসীরা ভ্যানগাড়ি নিয়ে এসে ভাড়াটিয়াকে বের করে দেয়। তারা বাড়িটিতে ভাঙচুর চালায়। বাড়ির সব আসবাবপত্র ভ্যানে তোলে।

এসময় বাড়িওয়ালা ৯৯৯ নাম্বারে ফোন দিলে ফতুল্লা মডেল থানার এএসআই আশিক তিনজন পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে আসেন। সেখানে অভিযান চালিয়ে পুলিশ জনির সহযোগী আব্দুল্লাহ ও আরও একজনকে আটক করে হ্যান্ডকাফ পরায়। একই সঙ্গে লুট হওয়া মালামাল বহনের কাজে নিয়োজিত আরও তিন লেবারকে আটক করা হয়।

তাদের থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশের গাড়িতে তোলার সময় জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের মারধর করে হ্যান্ডকাফসহ পাঁচজনকেই ছিনিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন <<>> তেঁতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে নির্যাতনের অভিযোগ

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর রহমান জানান, হাশেমবাগ এলাকার স্থানীয় জনি গ্রুপ একটি বাড়ি দখলের উদ্দেশে হামলা ও লুটপাট চালাচ্ছিল। জরুরি সেবা নাম্বার ৯৯৯ তে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভ্যানগাড়িতে লুট করা মালামালসহ কয়েকজনকে আটক করে। পরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। তবে হামলায় কেউ আহত হয়নি বলে তিনি দাবি করেন।

এর একদিন আগে গত মঙ্গলবার (০৫ মে) দুপুরে শহরের মাসদাইর লিচুবাগ এলাকায় সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তিন র‌্যাব সদস্যকে আহত করে। অন্যদিকে সোমবার (০৪ মে) দিবাগত রাত আড়াইটায় রূপগঞ্জের চনপাড়া এলাকায় পুলিশ যুবদল নেতা শামীম মিয়াকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করে। এসময় শামীমের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে শামীমকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়