ছবি : সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আফগানিস্তান একটি করে জয় পেয়েছে। তবুও ফাইনালে খেলার স্বপ্ন দেখছে টাইগাররা। তবে এ জন্য মেলাতে হবে কঠিন সমীকরণ। সংযুক্ত আরব আমিরাতে বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় বাঁচা মরার ম্যাচে আফগানদের মুখোমুখি হবে লাল সবুজ দল। ম্যাচটিপ দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়েছিল বাংলাদেশের। তবে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের ১৫৮ রানের বিশাল পরাজয়ে কিছুটা স্বস্তি ফিরেছে। তারপরও ফাইনালে উঠতে হলে শুধু জয় যথেষ্ট নাও হতে পারে। বাংলাদেশকে মেলাতে হবে নেট রান রেটের কঠিন সমীকরণ।
সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। ওই পরাজয়ে ফাইনালে ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে যায় হৃদয়দের। পরে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ে বড় ব্যবধানে হারায় বাংলাদেশের সামনে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে জিতলে বাংলাদেশের ফাইনালে ওঠার হিসাব আরও সহজ হতো।
এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে জয় পেলেও ফাইনালের নিশ্চয়তা নেই। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর নেট রান রেটে জিম্বাবুয়েকে ছাড়িয়ে যেতে না পারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের বিশাল জয়ের সুবাদে তাদের নেট রান রেটও বেড়ে দাঁড়িয়েছে ঈর্ষণীয় অবস্থানে। বিপরীতে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে জয়ের পরও আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হেরে জিম্বাবুয়ের নেট রান রেট নেমে গেছে ঋণাত্মক অবস্থানে। এখন সে ব্যবধান কাজে লাগিয়ে জিম্বাবুয়েকে পেছনে ফেলার আশা বাংলাদেশের।
আরও পড়ুন<<>>বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি
এক ম্যাচে জয় পাওয়া আফগানিস্তান পয়েন্ট তালিকার শীর্ষে আছে +৩.১৬০ নেট রান রেট নিয়ে। এক জয় ও এক হারে জিম্বাবুয়ের নেট রান রেট -০.৫৯০। আর এক ম্যাচ খেলে পরাজিত বাংলাদেশের নেট রান রেট -১.৯৮০।
ফলে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও নেট রান রেটে জিম্বাবুয়েকে টপকাতে না পারলে বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে। সে ক্ষেত্রে ফাইনালে উঠবে জিম্বাবুয়ে। অন্যদিকে ফাইনালের দৌড় থেকে আফগানিস্তানও ছিটকে যেতে পারে, তবে তার জন্য বাংলাদেশের কাছে অবিশ্বাস্য বড় ব্যবধানে হারতে হবে তাদের।
তবে সাম্প্রতিক প্রতিপক্ষ আফগানিস্তান, যাদের বিপক্ষে সাম্প্রতিক সময়ে ওয়ানডে লড়াইয়ে বারবার হোঁচট খাওয়ার অভিজ্ঞতাই হয়েছে। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে সমতা থাকলেও শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে আফগানরা। সব কয়টি জয়ই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।
ওয়ানডেতে এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সাম্প্রতিক লড়াইয়ের চিত্র বাংলাদেশের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। আফগানিস্তানের বিপক্ষে শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হারতে হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































