Apan Desh | আপন দেশ

সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি , আপন দেশ

প্রকাশিত: ১২:৩১, ১৯ অক্টোবর ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

ছবি: আপন দেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের প্রান্তিক ও পিছিয়ে পড়া সনাতন ধর্মাবলম্বী হরিজন, হরিদাস ও বেদে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই চ্যারিটেবল সহায়তা দেয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) রাতে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত নারীদের হাতে উপহারের শাড়ি তুলে দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি)  অন্নপূর্ণা দেবনাথ। কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে ডিসি অন্নপূর্ণা দেবনাথ সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, পূজা যেন অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসন সব ধরনের পদক্ষেপ নিয়েছে। সমাজের প্রতিটি মানুষের কাছে ঈদের মতো পূজার আনন্দও যেন সমানভাবে পৌঁছে যায়, সে প্রয়াস থেকেই এ বিশেষ উদ্যোগ।

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন মঙ্গলবার

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম দিনে সদর উপজেলার সুবিধাভোগীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে কুড়িগ্রাম জেলার মোট ৯টি উপজেলার সব হরিজন, হরিদাস ও বেদে সম্প্রদায়ের প্রান্তিক নারীদের মাঝে এ শাড়ি বিতরণ করা হবে। 

​অনুষ্ঠানে শাড়ি পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় সুবিধাভোগীরা। তারা জানান, পূজার ঠিক মুখে প্রশাসনের পক্ষ থেকে এমন উপহার পেয়ে তাদের উৎসবের আনন্দ অনেকখানি বেড়ে গেল। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়