Apan Desh | আপন দেশ

রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ ঘোষণা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:০১, ৩ আগস্ট ২০২৬

রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে। শনিবার (০৮ আগস্ট) পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর জন্মস্থান মাদেইরা দ্বীপের রাজধানী ফুনশালের ঐতিহাসিক ক্যাথেড্রালেই হবে বিয়ের আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

জন্মভূমির প্রতি ভালোবাসা থেকেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তটি সেখানেই উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন আল-নাসর তারকা। বিয়ের পর কাছাকাছি একটি বিলাসবহুল হোটেলে সংবর্ধনার আয়োজন করা হবে।

অতিথিদের জন্য হোটেলের একাধিক তলা আগে থেকেই সংরক্ষণ করা হয়েছে। নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে হোটেলের কয়েকটি তলা ও বার সাময়িকভাবে বন্ধ রাখারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থানীয় একটি সূত্র দ্য সানকে জানিয়েছে, বিয়ের পুরো আয়োজনকে ব্যক্তিগত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি স্টোরে প্রথম পরিচয় হয় রোনালদো ও জর্জিনার। সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক। গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো।

আরও পড়ুন <<>> জিদানের প্রথম ম্যাচের টিকিট ২৪ ঘণ্টার আগেই শেষ

সম্প্রতি স্পেনের মায়োর্কায় ছুটি কাটানোর সময় দুজনের হাতে হীরার আংটি দেখা যাওয়ার পর আবারও বিয়ের গুঞ্জন জোরালো হয়।

এর আগে রোনালদো জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপ শেষে বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের। ইউরোপীয় গণমাধ্যমের দাবি, সে পরিকল্পনাই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো ও জর্জিনা পাঁচ সন্তানকে নিয়ে একসঙ্গে বসবাস করছেন। তবে এখন পর্যন্ত বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এ তারকা জুটি। তবুও স্থানীয় সংবাদমাধ্যম ও দ্য সান বলছে, বিয়ের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়