Apan Desh | আপন দেশ

সাকিবের দেশে ফেরার পথ সহজ হচ্ছে, ফাইল এখন ক্রীড়া মন্ত্রণালয়ে

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সাকিবের দেশে ফেরার পথ সহজ হচ্ছে, ফাইল এখন ক্রীড়া মন্ত্রণালয়ে

সাকিব আল হাসান।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে সিরিজের পর তাকে আর মাঠের লড়াইয়ে দেখা যায়নি। তবে এবার তার ভক্তদের জন্য আশার আলো দেখা যাচ্ছে। সাকিবের আইনি জটিলতা কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সাকিবের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয়। এ আইনি জটিলতার কারণেই তিনি দেশে ফিরতে পারছেন না। ফলে প্রায় দুই বছর ধরে জাতীয় দলের জার্সিতে তার নিয়মিত উপস্থিতি নেই। দেশের মাটিতে খেলে বিদায় নেয়ার ইচ্ছা থাকলেও নিরাপত্তার অভাবে তা সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক উদ্যোগে ফের জোরালো হচ্ছে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা।
 
সাকিবের আইনি জটিলতা নিরসনে বোর্ড উদ্যোগ নিয়েছে। বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে প্রয়োজনীয় নথিপত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন পরিচালক আসিফ আকবর।

আসিফ বলেন, আমরা সাকিবের সকল মামলার নথিপত্র সংগ্রহ করেছি।

বিসিবির প্রধান নির্বাহী ও সহ-সভাপতি ফারুক আহমেদ ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলকে বিষয়টি অবহিত করেছেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন ফেডারেশনের ইস্যুর পাশাপাশি সাকিবের ফাইলও উপস্থাপন করা হয়। যদিও অনেক ফেডারেশন হওয়ায় প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে কথা হয়নি। তবে তিনি এটা (সাকিব ইস্যু) আলাদাভাবে নজরে রেখেছেন।

আসিফ আকবর আরও বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নথিটি সচিবের দপ্তরে পাঠানো হবে। ফাইল জমা দেয়ার মধ্য দিয়ে বিসিবির প্রাথমিক প্রক্রিয়া শেষ হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।

তিনি আরও যোগ করেন, সরকার বলেছে ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো পুনর্বিবেচনা করবে। সে প্রেক্ষাপটে সাকিবের বিষয়েও আমরা আশা রাখতে পারি দ্রুত অগ্রগতি হতে পারে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়