ছবি: সংগৃহীত
আর কয়েক মাস পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ৪৮ দল নিয়ে শুরু হচ্ছে এবারের আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। ইতিমধ্যে ফিফা জানিয়েছে টুর্নামেন্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
ফিফার তথ্য অনুযায়ী, টিকিট বিক্রির শুরুর চার সপ্তাহেই আবেদন পড়েছে ৫০ কোটি ৮০ লাখের বেশি। অথচ ওই সময়ে বিক্রির জন্য ছিল প্রায় ৭০ লাখ আসন। চাহিদা-জোগানের এ বিশাল ব্যবধানের মধ্যেই সব আসন বরাদ্দ হয়ে গেছে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফিফা সভাপতির দাবি, অংশগ্রহণকারী ১০৪ ম্যাচের মধ্যে ৭৭টি ম্যাচের প্রতিটিতেই টিকিটের আবেদন ছিল ১০ লাখের বেশি। ২০০টিরও বেশি দেশ থেকে আবেদন আসায় ফুটবলের বৈশ্বিক আকর্ষণ আরও একবার প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, দর্শকসংখ্যা ও আগ্রহের দিক থেকে এটি বিশ্বকাপ ইতিহাসের নতুন রেকর্ড গড়বে।
ফিফা জানিয়েছে, সব ম্যাচের টিকিট বরাদ্দ হয়ে গেলেও কোটার একটি অংশ ইচ্ছাকৃতভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এ অবশিষ্ট টিকিটের জন্য আলাদা একটি বিক্রয়পর্ব শুরু হবে আগামী এপ্রিল মাসে। যা চলবে টুর্নামেন্টের শেষ দিন ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত। এ শেষ ধাপের টিকিট বিক্রি হবে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে। অর্থাৎ, আগের ধাপে অধিকাংশ আসন বরাদ্দ হয়ে গেলেও সীমিতসংখ্যক টিকিট তখনও সংগ্রহের সুযোগ থাকবে।
আরও পড়ুন <<>> পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২০২৬ আসরেই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে বিশ্বকাপে। আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। সব মিলিয়ে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। ম্যাচসংখ্যা ও দল বৃদ্ধির কারণে দর্শকসংখ্যা এবং বাণিজ্যিক আয়ের ক্ষেত্রেও নতুন মাইলফলক গড়ার প্রত্যাশা করছে ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায়, এ বিশ্বকাপ শুধু ক্রীড়া নয়, বৈশ্বিক উৎসব। টিকিটের বিপুল চাহিদাই তার প্রমাণ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































