Apan Desh | আপন দেশ

সৌদিতে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ হজযাত্রী, মৃত্যু ৭

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৯, ১ মে ২০২৬

সৌদিতে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ হজযাত্রী, মৃত্যু ৭

ছবি: সংগৃহীত

চলতি বছরের হজ কার্যক্রমে এখন পর্যন্ত ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আররে পৌঁছেছেন।  আরব দেশটির উদ্দেশে মোট ১০১টি হজ ফ্লাইট গেছে।

শুক্রবার (০১ মে) এ তথ্য জানান বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।

সৌদি মেডিকেল টিম সরাসরি ৬ হাজার ৮৩২ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৮ হাজার ৮৩০ জন সেবা পেয়েছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রমে যুক্ত রয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬টি ফ্লাইটে ১৮ হাজার ৯৯২ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ৪৫৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

বাকি ৩৭ হাজার ৭৫৬ জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন।

আরও পড়ুন <<>> হজ পালনের নিয়ম-কানুন

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন তারেক রহমান।

মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩৪৬টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯০৩টি ভিসা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফ্লাইটটি ৩০ জুন ঢাকার উদ্দেশে রওনা দেবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়