রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা সেবা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেখা করতে গেলে পরিবার বা চিকিৎসকের অনুমতির প্রয়োজন পড়ে। বিষয়টি অজানা নয়। তারপরও শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওই কেবিনে প্রবেশের চেষ্টা করে অজ্ঞাত যুবক। তাকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে ভাটারা থানায় সোপর্দও করা হয়েছে।
দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আটককৃত যুবকটিকে বিএনপির নেতাকর্মীরাও চেনেন না। কে এই যুবক? কেনইবা বিএনপি প্রধানের কেবিনের দিকে ছুটছিলো? সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন দলটির একাধিক নেতাকর্মী। তারা বলছেন, রাজনীতির মাঠ উত্তপ্ত। নানা ষড়যন্ত্রের ডালপালা ডানে-বায়ে। এই ঘটনা বা এই যুবককে খাটো করে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য সাধারণ মানুষেরও।
সূত্র জানায়, সন্ধ্যা পাঁচটার দিকে সুজন নামে এক অপরিচিত ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করতে থাকে। এক পর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করে। এসময়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে থানা পুলিশে দিয়ে দেয়।
ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা গেছে, আটক সুজন ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর এলাকায় ছোহরাবের ছেলে। সন্ধ্যা সোয়া পাঁচটায় তাকে হাসপাতাল থানা পুলিশে হস্তান্তর করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম জানান, সুজন নামের ওই ব্যক্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার কাছে কোনো অনুমতি ছিল না। এজন্য তাকে আটক করে থানায় দেয়া হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































