Apan Desh | আপন দেশ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:০৩, ১৫ মে ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

ফাইল ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল) নিরঙ্কুশ জয়লাভ করেছে। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টি পদেই বিজয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’ সদস্যের একটি পদে জয় পেয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহবায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।

ঘোষিত ফলাফলে ১৪টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে ১৩টিতে। অপরদিকে জামায়াত ও এনসিপি সমর্থিত প্যানেল পেয়েছে একটি পদ। এর আগে দুদিনব্যাপী নির্বাচনে ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি।

সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন দুই হাজার ৯৮৪ ভোট পেয়ে ফের জয়ী হয়েছেন। তিনি বর্তমানে নোয়াখালী-১ আসনের এমপি এবং বিএনপির যুগ্ম মহাসচিব। সম্পাদক পদে দুই হাজার ৫৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন আইনজীবী মোহাম্মদ আলী।

সমিতির দুই দিনব্যাপী বার্ষিক নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত দশটার দিকে ভোটগণনা শুরু হয়। গণনা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বৃহস্পতিবার রাত দুইটার দিকে নির্বাচন পরিচালনা–সংক্রান্ত উপকমিটির আহবায়ক জ্যেষ্ঠ আইনজীবী অবসরপ্রাপ্ত বিচারপতি  মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

সমিতির অন্যান্য পদে বিজয়ীরা হলেন-সহ-সভাপতির দুটি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদকের দুটি পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন<<>>আনিস আলমগীগের স্থায়ী জামিন

কার্যনির্বাহী কমিটির সাতটি সদস্য পদের মধ্যে ছয়টি পেয়েছে নীল প্যানেলের প্রার্থীরা। তারা হলেন- এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান।  অপর একটি পদ বিজয়ী হয়েছেন সবুজ  প্যানেলের আজিম উদ্দিন পাটোয়ারী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টায় শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

নির্বাচনে বিএনপি জামাত ও এনসিপি তিনটি প্যানেল অংশগ্রহণ করলেও  আওয়ামী লীগ সমর্থিতদের অংশ নিতে দেয়া হয়নি। তবে এর বাইরে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নেন।

গত ২৬ এপ্রিল সমিতির সাধারণ সদস্যদের এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এ প্রক্রিয়াকে অগণতান্ত্রিক ও বেআইনি হিসেবে আখ্যায়িত করেন।

সমিতির ইতিহাসে প্রথমবারের মতো এবারের নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীরা (সাদা প্যানেল) নির্বাচনে অংশ নিতে পারেননি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়