ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী অর্থনৈতিক অভিযানে কোনো প্রতিবেশী দেশ যোগ দিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। এমন কড়া বার্তা দিয়েছে তেহরান।
একই সঙ্গে এসব দেশের স্বার্থে আঘাত করা এবং হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় তেল রফতানি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ইরান।
শনিবার (২২ আগস্ট) ইরানি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি।
রেজায়ি বলেন, কোনো প্রতিবেশী দেশ ওয়াশিংটনের ইরানবিরোধী অভিযানে যোগ দিলে ইরান সে দেশের স্বার্থে আঘাত করবে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রফতানি বন্ধ করে দেয়া হবে। বিকল্প আঞ্চলিক তেল রফতানি পথগুলোও ইরানের হামলার লক্ষ্য হতে পারে।
হরমুজ প্রণালি নিয়েও ইরানের অবস্থান স্পষ্ট করেন রেজায়ি। তার দাবি, যুক্তরাষ্ট্র ভিন্ন কথা বললেও গুরুত্বপূর্ণ এ জলপথ ইতোমধ্যে বন্ধ রয়েছে। ওয়াশিংটন তার নীতি ও আচরণ পরিবর্তন না করা পর্যন্ত প্রণালিটি পুনরায় খোলা হবে না।
রেজায়ি আরও বলেন, হরমুজ প্রণালির উপকূলের অর্ধেকের বেশি অংশ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তাই এ গুরুত্বপূর্ণ জলপথ পরিচালনার অধিকার ইরানের থাকা উচিত।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে জাহাজ ডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২২
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দেন। ইরানকে আর্থিক বা বাণিজ্যিক সহায়তা দেয়া যেকোনো সরকারের ওপরও বড় ধরনের চাপ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































