Apan Desh | আপন দেশ

নবম পে-স্কেল: যেকোন সময় বেতনকাঠামো ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৫, ১৬ আগস্ট ২০২৬

নবম পে-স্কেল: যেকোন সময় বেতনকাঠামো ঘোষণা

ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকার যেকোনও সময় নতুন এ বেতনকাঠামো ঘোষণা করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আব্দুস সাত্তার বলেন, নতুন পে-স্কেলের কাজ এখন শেষ পর্যায়ে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো দেয়ার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। সে প্রতিশ্রুতি অনুযায়ী পে-স্কেল ঘোষণা করা হবে।

তিনি বলেন, নতুন বেতনকাঠামো ঘোষণার জন্য আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। তবে ঠিক কবে এটি ঘোষণা হবে, কী হারে মূল বেতন বাড়বে কিংবা ভাতা ও পেনশনের কাঠামো কী হবে—এসব বিষয়ে নির্দিষ্ট কোনও সংখ্যা বা সময়সীমা জানাননি তিনি।

২০১৫ সালে সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর গত ১১ বছরে নতুন কোনও পে-স্কেল হয়নি। এসময়ে মূল্যস্ফীতি, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় বেড়ে যাওয়ায় নতুন বেতনকাঠামোর দাবি জোরালো হয়েছে।

প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন পুনর্নির্ধারণ করা হলে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। নতুন পে-স্কেলের কারণে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হওয়ার বিষয়টিও স্বীকার করেছেন মুখ্য সচিব।

তবে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মচারীদের আয় সমন্বয় করার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন <<>> ‘মোদির আমন্ত্রণকে না বলল ঢাকা’

এ বি এম আব্দুস সাত্তার বলেন, নতুন পে-স্কেলের কারণে সরকারের ওপর যে অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে, তা মোকাবিলায় অর্থনীতির উৎপাদনশীলতা বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব সক্ষমতা জোরদারের ওপর গুরুত্ব দেয়া হবে।

এর আগে নবম পে-স্কেল নিয়ে সচিব পর্যায়ের একটি কমিটি বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করেছে। নতুন বেতনকাঠামো এক ধাপে নাকি পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে, মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা একই সময়ে কার্যকর হবে কি না—এসব বিষয় নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়