ফাইল ছবি, আপন দেশ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সাপের খেলা দেখানোর সময় এবং অপরজন নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে আক্রান্ত হন।
নিহতরা হলেন উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল গফুর শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় রায় সাপের খেলা দেখাতেন। গত ৭ আগস্ট রাতে স্থানীয় একটি বাড়িতে হিন্দু ধর্মীয় মনসার গানের অনুষ্ঠানে সাপের খেলা দেখানোর সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুন<<>>চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৫ জনের মৃত্যু
সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিজয়ের মৃত্যু হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে নয়ানখাল বৈদ্যপাড়া এলাকায় নিজ বাড়িতে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল শিশু লুনা। গভীর রাতে একটি সাপ ঘরে ঢুকে তার ডান হাতে কামড় দেয়। এ সময় তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক লুনাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল গফুর বলেন, সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































