ছবি: আপন দেশ
টানা ১৩ দিন বন্ধ থাকার পর অবশেষে রাঙামাটি-বান্দরবান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়। একটি বেইলি সেতুর একাংশ ধসে পড়ায় রোববার (১২ জুলাই) থেকে এ সড়কে যান চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ শেষে শনিবার থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় শিলক খালের ওপর নির্মিত সেতুটি বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সওজের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন।
তিনি জানান, ভেঙে যাওয়া অংশের পুনর্নির্মাণ কাজ বৃহস্পতিবার ( ২৩ জুলাই) রাতেই শেষ হয়েছে। পরদিন শুক্রবার (২৪ জুলাই) পরীক্ষামূলকভাবে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলের অনুমতি দেয়া হয়। শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহনের জন্য সেতুটি খুলে দেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>আকস্মিক পরিদর্শনে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
গত ১২ জুলাই পাহাড়ি ঢলের তীব্র স্রোত এলাকায় একটি রাবার ড্যামে বাধাপ্রাপ্ত হয়ে গতিপথ পরিবর্তন করে সেতুর ওপর আঘাত হানে। এতে সেতুর একাংশ ধসে পড়ে। এতে সংযোগ সড়কসহ প্রায় ১৫০ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়।
প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক ও সেতু পুনর্নির্মাণে প্রকৌশলীরা দিন-রাত কাজ করেছেন। কাজ শেষ হওয়ায় এখন সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে।
এদিকে বান্দরবান জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, বান্দরবান থেকে রাঙামাটিগামী এবং রাঙামাটি থেকে বান্দরবানগামী যাত্রীবাহী বাস চলাচলের উদ্যোগ নেয়া হয়েছে। তবে অনেক যাত্রী এখনো সড়ক চালুর খবর না জানায় প্রথম দিনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব বাস চলাচল নাও করতে পারে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































