সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার (২০ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
রিজভী বলেন, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।
‘রাশিয়া ও ভারতের ওপর ভর করে সরকার একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে’ বলে মন্তব্য করে রিজভী বলেন, রাশিয়া ও ভারতের কর্তা-ব্যক্তিরা মাঝে-মধ্যে বিবৃতি দিচ্ছেন। বাংলাদেশে গণতন্ত্র থাকুক বা না থাকুক— এতে তো ভারতের কিছু যায় আসে না। আর রাশিয়ার তো মোটেও যায় আসে না। আজকে তাদের সমর্থনে আওয়ামী লীগের পোয়া-বারো। ভারতের যেসব কর্তা-ব্যক্তিরা এসেছেন, তারা প্রত্যেকেই জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার বিরুদ্ধে জনসমর্থনহীন সরকারকে সমর্থন দিয়েছেন। ভারতের কাছ থেকে এটি আশা করা যায় না। কিন্তু যারা আধিপত্যবাদী শক্তি, তারা সব সময় চায় তার আশেপাশের ছোট দেশগুলোকে কবজা করতে।
আরও পড়ুন <> কাল নতুন কর্মসূচি ঘোষণা করবেন তারেক রহমান
সরকার এখন ‘জঙ্গি ও নাশকতার নাটক’ করবে দাবি করে রিজভী বলেন, ট্রেনের অগ্নিকাণ্ডের ঘটনা কে করেছে, তা এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আর পুলিশ কমিশনার কোনো কিছু তদন্ত না করেই বলে দিলেন যে, এটি অবরোধ-হরতালকারীরা করেছে। এই অবরোধ-হরতালকারীদের ওপর দায় চাপানো— এটি পূর্ব পরিকল্পিত। এমনভাবে সরকার এখন ‘জঙ্গি নাটক’ করবে, নাশকতার নাটক করবে।
সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২২৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা দেয়া হয়েছে আটটি। আসামি করা হয়েছে ৭৭৫ জনেরও বেশি। আহত হয়েছেন অন্তত ৬০ জন।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































