ফাইল ছবি, আপন দেশ
সাকিবকে নিয়ে সরকারের নমনীয়তার সুযোগ শেষ হয়ে গেছে বলে স্পষ্ট জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে দেশে ফেরার ইচ্ছা স্পষ্ট করে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব বলেন, সরকার যদি আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে আমি আনন্দের সঙ্গে দেশে ফিরব। আদালতের বিচারসহ যে প্রক্রিয়াই থাকুক, সবকিছুর মুখোমুখি হতে প্রস্তুত। একই সঙ্গে দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলা ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
সাকিবের এমন বক্তব্যের পরই কড়া প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি স্পষ্ট করেন। ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফেরেননি সাকিব।
সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেয়ার পর তাকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। সাকিবের দেশে ফেরার আকাঙ্ক্ষার বিপরীতে কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, এখন আর কোনো সুযোগ নেই। সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে তার অবস্থান থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনৈতিক অবস্থান নিয়েছেন। আমার মনে হয়, তার আর দেশে ফেরার কোনো সুযোগ নেই। আর যদি ফেরেনও, তাহলে তা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।
আরও পড়ুন<<>>কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিমন্ত্রীর ভাষ্য, সরকার এতদিন বিষয়টি নমনীয়ভাবে বিবেচনা করলেও সাম্প্রতিক ঘটনাগুলোর পর সে অবস্থান বদলে গেছে।
আমিনুল আরও বলেন, আমরা এতদিন বিষয়টি অনেক নমনীয়তা ও সহনশীলতার সঙ্গে বিবেচনা করছিলাম। কিন্তু এরপর আর সেভাবে ভাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যে ব্যক্তি একজন স্বৈরশাসকের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন, আমার মতে তার আর ফেরার সুযোগ নেই। আমরা তাকে একজন ক্রিকেটার হিসেবেই দেখছিলাম, তাই কিছুটা নমনীয় ছিলাম। কিন্তু এখন আর সে সুযোগ নেই।
রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সাকিব আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় তার আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ভাষায় মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের আবেদন জানানো হয়েছিল। তবে কোনো সাড়া মেলেনি বলে দাবি করেন তিনি।
দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও কথা বলতে চান বলে জানিয়েছেন এ অলরাউন্ডার। তবে সাকিবের এ ইচ্ছার পর সরকারের পক্ষ থেকে আসা ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, তার দেশে ফেরা এখন রাজনৈতিক ও আইনি-দুই দিক থেকেই কঠিন চ্যালেঞ্জের মুখে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































