Apan Desh | আপন দেশ

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৯, ১ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:২১, ১ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

ছবি: আপন দেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট-এর সঙ্গে বৈঠক করেছেন। এসময় জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। 

মঙ্গলবার (৩১ মার্চ) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে ক্রিস রাইট প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। বুধবার (০১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের বিস্তারিত জানানো হয়।

বৈঠকে ড. খালিলুর রহমান বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ব্যাঘাতের কারণে বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি।

জবাবে ক্রিস রাইট বাংলাদেশের বিদ্যমান জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করেন এবং এ পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশের অনুরোধগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তিনি ও তার টিম। 

আরও পড়ুন<<>>পাচারকৃত অর্থ ফেরত এনে মানুষের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী

বৈঠকে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি জ্বালানি সমাধান নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানি বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষে ক্রিটিক্যাল মিনারেলস অ্যান্ড এনার্জি ইনোভেশন বিভাগের সহকারী সচিব অড্রে রবার্টসনসহ জ্বালানি দফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, ডেপুটি চিফ অব মিশন ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং ইকোনমিক মিনিস্টার ড. মো. ফজলে রাব্বি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়