Apan Desh | আপন দেশ

ইমরান খানের মুক্তি চেয়ে ২১ অধিনায়কের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:০২, ২৪ আগস্ট ২০২৬

ইমরান খানের মুক্তি চেয়ে ২১ অধিনায়কের চিঠি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান। তার মুক্তি ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি লিখেছেন বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক।

ক্রিকেট থেকে অবসর নেয়ার পর রাজনীতিতে যোগ দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় তার ১০, ১৪ ও ১৭ বছরের সাজা হয়েছে।

বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের একটি নিভৃত কুঠুরিতে বন্দি রয়েছেন ইমরান খান। তার স্বাস্থ্য, বিশেষ করে চোখের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগের মধ্যে এবার সরব হয়েছেন বিশ্ব ক্রিকেটের সাবেক অধিনায়কেরা।

বিশ্বের বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক একযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠিয়েছেন। ইমরানকে নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেয়া নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা একটি মেডিক্যাল বোর্ডের মাধ্যমে করাতে হবে। ওই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক এবং তার বোন ডা. উজমা খানকে রাখার কথা রয়েছে। পাশাপাশি পরিবারকে প্রতি সপ্তাহে সাক্ষাতের সুযোগ দেয়ার নির্দেশও রয়েছে।

সাবেক অধিনায়কেরা তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত পূর্ণাঙ্গ মেডিক্যাল বোর্ডকে স্বাধীনভাবে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার সুযোগ দিতে হবে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর যে অভিযোগ উঠেছে, তা দ্রুত পরীক্ষা করে দেখা জরুরি।

দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ কোনো প্রশাসনিক জটিলতা বা বিলম্ব ছাড়াই নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন <<>> ইউক্রেনকে বিপুল অর্থ সহায়তার দিচ্ছে নরওয়ে

তৃতীয়ত, মেডিক্যাল বোর্ড যে চিকিৎসার সুপারিশ করবে, তা দ্রুত বাস্তবায়নের আহবান জানিয়েছেন সাবেক অধিনায়কেরা।

গত ছয় মাসের মধ্যে ইমরান খানকে নিয়ে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের এটি দ্বিতীয় চিঠি। এর আগে গত ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক একই বিষয়ে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছিলেন।

চিঠিতে সাবেক অধিনায়কেরা নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেছেন, তারা রাজনীতিবিদ হিসেবে নয়, ক্রিকেট মাঠে গড়ে ওঠা সম্পর্কের জায়গা থেকে সাবেক সহখেলোয়াড় ও প্রতিদ্বন্দ্বী হিসেবে এ আবেদন জানাচ্ছেন। একই সঙ্গে পাকিস্তানের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা তাদের উদ্দেশ্য নয় বলেও উল্লেখ করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়