Apan Desh | আপন দেশ

‘মুসলমানরা উগ্রবাদ-সন্ত্রাসকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৭, ২৩ আগস্ট ২০২৬

‘মুসলমানরা উগ্রবাদ-সন্ত্রাসকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে’

ছবি: আপন দেশ

সুফিবাদী সুন্নি মুসলমানরা ইসলামের নামে যেকোনো ধরনের উগ্রবাদ ও সন্ত্রাসকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বলে জানিয়েছেন পীর সাবির শাহ।

রোববার (২৩ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য জশনে জুলুসে প্রধান অতিথির তিনি এ কথা জানান।

সকালে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখার ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকার সহযোগিতায় এ জুলুস হয়। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নিচ্ছেন।

সাবির শাহ বলেন, বিশ্বব্যাপী ইসলামের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে নিশ্চিহ্ন করে শান্তি প্রতিষ্ঠাই রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ। সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত ও রহমত হিসেবে তিনি আবির্ভুত হয়েছেন। যিনি জাহেলিয়াতকে (মুর্খতা), অন্ধকার যুগকে আলোকিত যুগে পরিণত করেছেন। আল্লাহর এ মহান নিয়ামত লাভের জন্য আনন্দ প্রকাশ করা আল্লাহরই নির্দেশ।

মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা থেকে জুলুসটি শুরু হয়। এটি তাজমহল রোড, কৃষি মার্কেট, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাত মসজিদ রোড, ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, মিরপুর রোড, আসাদ গেট ও কলেজ গেট হয়ে জুলুসটি শ্যামলী ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।

জুলুসে অংশগ্রহণকারীদের হাতে ছিল কলেমা ও ইসলামী বাণীসংবলিত বিভিন্ন রঙের ব্যানার ও পোস্টার। এসময় ‘নারায়ে তাকবির’ ও ‘নারায়ে রিসালাত’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অংশগ্রহণকারীরা হামদ, নাতে রাসুল ও গজল পরিবেশন করেন। বর্ণাঢ্য জুলুসকে কেন্দ্র করে সকাল থেকেই মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আরও পড়ুন <<>> বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

জুলুস শেষে শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা ও মাহফিল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ কাসিম শাহ ও সৈয়দ আকিব আহমদ শাহ।

মাহফিলে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারীসহ অন্যান্য ওলামায়ে কেরাম। মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকব মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য এবং দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মহিউদ্দিন খোকন প্রমুখ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়