ছবি : আপন দেশ
কুমিল্লায় শায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে। এমনটিই দাবি করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও আলামতের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, মায়ের আইফোনের জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে জেলা পুলিশ।
পুলিশের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপ্রতিমের নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। একটি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। পরে ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
তার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের মায়ের আইফোনটি জব্দ করা হয়।
আরও পড়ুন: ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
এ ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) আরেক কিশোরকেও আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণ করে অপ্রতিমকে আইফোনের জন্য হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, পুরো ঘটনার বিস্তারিত দুপুর ১২টার সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































