Apan Desh | আপন দেশ

মেসির হ্যাটট্রিককে মায়ামির বড় জয়

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৯, ৩০ আগস্ট ২০২৬

মেসির হ্যাটট্রিককে মায়ামির বড় জয়

ছবি : সংগৃহীত

ক্রমেই বাবা হারানোর শোক কাটিয়ে উঠছেন লিওনেল মেসি। ফিরে পাচ্ছেন পুরনো ছন্দ। সে ছন্দে ভর করে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিকে বড় জয় এনে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির হ্যাটট্রিকসহ চার গোলে রোববার (৩০ আগন্ট) ন্যু স্টেডিয়ামে সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ৭-১ গোলে জিতেছে মায়ামি। এ জয়ে টানা পাঁচ ম্যাচের জয়খরা কাটলো বর্তমান চ্যাম্পিয়নদের। 

সম্প্রতি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল মায়ামি। আগের পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল তারা। তবে এদিন মন্ট্রিয়েলের বিপক্ষে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে মায়ামি। ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো ২০ মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন। এটি ছিল মায়ামির জার্সিতে তার প্রথম গোল।

ম্যাচের ৩৭ মিনিটে সমতায় ফেরে মন্ট্রিয়াল। জার্মান মিডফিল্ডার ফাবিয়ান হার্বার্স বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে জড়িয়ে দেন।

বিরতির আগে আবারও এগিয়ে যায় মায়ামি। ৪০ মিনিটে মেসির নিচু ও বাঁকানো ফ্রি-কিক মন্ট্রিয়াল গোলকিপারকে বিভ্রান্ত করে সরাসরি জালে গিয়ে পড়ে। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

আরও পড়ুন<<>>সেমিফাইনালে স্বপ্নভঙ্গ সাব্বির-শামিমদের

দ্বিতীয়ার্ধের পর আক্রমণ আরও বাড়ায় মায়ামি। ম্যাচের ৫২ মিনিটে তার ফলও পায় তারা। বল নিয়ে একাধিক ডিফেন্ডারের মাঝ দিয়ে দুর্দান্তভাবে এগিয়ে গিয়ে নিচু শটে বল জালে পাঠান মেসি।

মায়ামির চতুর্থ গোলেও ছিল মেসির বড় অবদান। দুর্দান্ত এক উঁচু পাসে সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজকে গোলের সুযোগ তৈরি করে দেন তিনি। সুয়ারেজও সুযোগটি কাজে লাগিয়ে ব্যবধান ৪-১ করেন।

এরপর ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। রদ্রিগো দে পলের পাস ধরে এগিয়ে আসা গোলকিপার গিলিয়েরের ওপর দিয়ে দারুণ চিপে বল জালে পাঠান ৩৯ বছর বয়সী এ আর্জেন্টাইন।

৮৯ মিনিটে তরুণ বদলি অ্যালেক্স শ মায়ামির হয়ে ষষ্ঠ গোল করেন। বক্সের বাইরে থেকে তার নিচু শট ঠেকাতে পারেননি মন্ট্রিয়াল গোলকিপার।

যোগ করা সময়ের শেষ দিকে বক্সের কিনারা থেকে ফ্রি-কিকে নিজের চতুর্থ গোলটি করেন আর্জেন্টাইন তারকা। তাতেই ৭-১ গোলের বড় জয় নিশ্চিত হয় মায়ামির।

এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ২২ ম্যাচে ৪১ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে মায়ামি। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়