Apan Desh | আপন দেশ

সেমিফাইনালে স্বপ্নভঙ্গ সাব্বির-শামিমদের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৫, ৩০ আগস্ট ২০২৬

আপডেট: ১১:৫৬, ৩০ আগস্ট ২০২৬

সেমিফাইনালে স্বপ্নভঙ্গ সাব্বির-শামিমদের

ছবি : সংগৃহীত

বাংলাদেশ এইচপির বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির প্রয়োজন ছিল মাত্র ১ রান। অন্যদিকে, বাংলাদেশের দরকার ছিল মাত্র ২ উইকেট। এর মধ্যে প্রথম বলেই রানআউট, পরের দুই বলে ডট; ম্যাচ তখন সুপার ওভারের দিকে এগোচ্ছে বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত নাটকীয় সমাপ্তিতে বাংলাদেশ এইচপিকে ১ উইকেটে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠে গেল ভিক্টোরিয়া।

রোববার (৩০ আগস্ট) ডারউইনের গার্ডেন ওভালে টস হেরে আগে ব্যাট করতে নামে ইরফান শুক্কুর নেতৃত্বাধীন দল। বাংলাদেশ এইচপির অধিনায়ক হিসেবে টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে যাওয়া এ উইকেটরক্ষক ব্যাটার ৬ ম্যাচের ৪টিতেই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। যথারীতি ব্যর্থ ছিলেন সেমিফাইনালেও (গোল্ডেন ডাক)। 

জিসান আলমের ৩০ ও আরিফুল ইসলামের ১৯ রানের পর ১৭.১ ওভারেই অলআউট হওয়া বাংলাদেশ এইচপি টেনেটুনে একশ (১০১) পেরোয়। এর আগে অবশ্য ঝোড়ো শুরুর ইঙ্গিত দিচ্ছিল এইচপি। ২.৪ ওভারে ২৬ রান তুলতেই ওপেনার হাবিবুর রহমান সোহান আউট হন মাত্র ৩ রান করে। জিসান-আরিফুল ধাক্কা সামলানোর চেষ্টা চালালেও সফল হননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ এইচপি।

জিসান-আরিফুল ছাড়া দুই অঙ্কের ঘরে গিয়েছেন আবদুল গাফফার সাকলাইন (১৬ বলে ১০) ও আবু হায়দার রনি (১৮ বলে ১২)। চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাব্বির রহমান, শামিম পাটোয়ারি ও ইরফান শুক্কুর। ফলে নির্ধারিত ২০ ওভারও শেষ করতে পারেনি ২০২৪ সালের রানার্সআপরা। ১০১ রানেই তারা অলআউট। অস্ট্রেলিয়ান দল ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির পক্ষে উইল সাদারল্যান্ড সর্বোচ্চ ৪ এবং তিন বোলার ২টি করে উইকেট নিয়েছেন। 

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

১০২ রানের লক্ষ্য পাড়ি দিতে নেমে ভিক্টোরিয়াও শুরুতে ধাক্কা খায়। ইনিংসের দ্বিতীয় বলেই হ্যারি ডিক্সনকে বোল্ড করেন মো. রুবেল। তবে টম রজার্স ও ক্যাম্পবেল কেলাওয়ে মিলে দলকে সামলে নেন। রজার্স ১৮ বলে ১৮ রান করে শামীম হোসেনের বলে ফেরেন। কেলাওয়ে করেন ২৮ বলে ২৩ রান। এরপর ব্লেক ম্যাকডোনাল্ড ১৬ বলে ১৫ এবং অধিনায়ক উইল সাদারল্যান্ড ৯ বলে ১৬ রান করে ভিক্টোরিয়াকে জয়ের পথে এগিয়ে দেন।

তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ আবারও বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। ৮১ রানে পঞ্চম উইকেট হারানোর পর মাত্র ১৮ রানের ব্যবধানে আরও চারটি উইকেট হারায় ভিক্টোরিয়া। ৯৯ রানে অষ্টম উইকেট এবং ১০১ রানে নবম উইকেট পড়লে ম্যাচের উত্তেজনা চরমে পৌঁছে যায়।

শেষ পর্যন্ত লিয়াম ব্ল্যাকফোর্ড ২৬ বলে ১৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার সঙ্গে অপরাজিত ছিলেন কলাম স্টো, ০ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মো. রুবেল। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। রিপন মণ্ডল ৪ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট নেন। শামীম হোসেন ৩.৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। রাকিবুল হাসান নেন ১ উইকেট।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়