ছবি: আপন দেশ
বিএনপি ক্ষমতায় এলে সংবিধানে আবারও ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ শব্দ প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত নির্বাচনি ইশতেহার উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনি ইশতেহারে দুর্নীতি দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে। রাষ্ট্রক্ষমতায় এলে কঠোর আইনগত ও পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে দলটি।
ইশতেহারে বলা হয়েছে, সরকার গঠনের পর দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে প্রধান অগ্রাধিকার। অন্যায়ের প্রশ্নে কোনো আপস করা হবে না। অন্যায়কারীকে দলের পরিচয় দিয়ে নয়, শুধুই অপরাধী হিসেবে গণ্য করা হবে। দেশ ও জনগণের স্বার্থে কোনো অপরাধীকে আশ্রয় বা প্রশ্রয় দেয়া হবে না।
দুর্নীতি নির্মূলের জন্য বিএনপি বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের কথা ঘোষণা করেছে। এতে রয়েছে—
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট আইন সংস্কার করে শক্তিশালী ও স্বাধীন করা। সরকারি ক্রয়ে উন্মুক্ত দরপত্র ব্যবস্থা, রিয়েল-টাইম অডিট এবং ডিজিটাল সেবা চালু করা। ব্যবসা-বাণিজ্যে হয়রানি কমাতে ‘সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স’ ব্যবস্থা। শক্তিশালী তথ্য অধিকার আইন বাস্তবায়ন। সুশাসন নিশ্চিত করতে সংবিধান অনুযায়ী ‘ন্যায়পাল’ নিয়োগ।
আরও পড়ুন <<>> কাপাসিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহতদের পাশে রিয়াজ
বিগত আমলগুলোতে দেশের থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের অঙ্গীকারও করা হয়েছে। এছাড়া সরকারি ব্যয় ও প্রকল্পে স্বচ্ছতা আনতে ‘পারফরম্যান্স অডিট’ চালুর প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
ইশতেহারে উল্লেখ করা হয়, ২০০১ সালে দুর্নীতিতে শীর্ষে থাকা বাংলাদেশকে বিএনপি সরকার কার্যকর পদক্ষেপের মাধ্যমে কলঙ্কমুক্ত করেছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০০২-২০০৯ পর্যন্ত দেশে দুর্নীতির সূচকে ধারাবাহিক উন্নতি ঘটেছিল।
ইশতেহার উপস্থাপন শেষে তারেক রহমান জনগণের রায় ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এটি একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার লক্ষ্যে বিএনপির অঙ্গীকার।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































