Apan Desh | আপন দেশ

আলেমদের ওপর জুলুম বরদাশত করা হবে না: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৩, ১৭ মে ২০২৬

আলেমদের ওপর জুলুম বরদাশত করা হবে না: ধর্মমন্ত্রী

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)

আলেম-ওলামাদের ওপর কোনো ধরনের অবিচার, নির্যাতন বা জুলুম মেনে নেয়া হবে না। প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-ওলামাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসাগুলো যেন কোনোভাবে বঞ্চনার শিকার না হয় এবং আলেম সমাজের প্রতি যেন অবিচার না করা হয়— সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সরকার সে নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় রয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন<<>>৮ বিমানবন্দরসহ ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা

তিনি আরও বলেন, ওলামায়ে কেরামদের জন্যই ইসলাম টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ইসলামের প্রচার ও মাদ্রাসা পরিচালনার জন্য কারও সাহায্যের প্রয়োজন নেই। আল্লাহ তায়ালাই এগুলোকে হেফাজত করবেন।

আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, দেশের পীর-মাশায়েখ, কওমি আলেম ও মাদ্রাসা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হলে জাতির জন্য অনেক কল্যাণকর কাজ করা সম্ভব।

কোরবানির পশুর চামড়ার যথাযথ সংরক্ষণে আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক জায়গায় চামড়া মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। এমন পরিস্থিতি যেন আর না ঘটে, সে বিষয়ে আলেম সমাজকে সচেতন ভূমিকা পালনের আহবান জানান তিনি।

চামড়ার গুণগত মান ঠিক রাখতে সঠিকভাবে চামড়া ছাড়ানো ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন ধর্মমন্ত্রী। পাশাপাশি চামড়া সিন্ডিকেট ও দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থানের কথাও জানান।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়